হাওরে মাছের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওর-বাঁওড়ে পানি কমতে শুরু করেছে। এই সুযোগে মাছ শিকারে নেমেছে হাওরাঞ্চলের মানুষ। ছবিটি সিলেট সদর উপজেলার বাদাঘাট থেকে তোলা l প্রথম আলো
হাওর-বাঁওড়ে পানি কমতে শুরু করেছে। এই সুযোগে মাছ শিকারে নেমেছে হাওরাঞ্চলের মানুষ। ছবিটি সিলেট সদর উপজেলার বাদাঘাট থেকে তোলা l প্রথম আলো

হাওরের ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’ কমতে শুরু করেছে। বর্ষার থইথই পানি ক্রমশ শান্ত-নিস্তরঙ্গ হয়ে আসছে। হাওরের সঙ্গে সংযোগ আছে এমন অধিকাংশ পুকুর-খাল-বিলের পানি ইতিমধ্যে শুকিয়ে এসেছে। আর সেসব শুকনো জলাশয়ে মাছ ধরতে গিয়ে কিশোর-কিশোরীরা গায়ে কাদা মেখে মেতে উঠছে দুরন্তপনায়। বিস্তীর্ণ হাওরে যেন শুরু হয়েছে মাছ ধরার উৎসব।
হাওরাঞ্চলে শিশু-কিশোর-তরুণদের দুরন্তপনার চিরন্তন দৃশ্যগুলো ঠিকই আছে। কিন্তু নানামুখী তৎপরতার কারণে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলোর অধিকাংশই বিনষ্ট হয়ে গেছে। তাই আগের মতো আর মাছের দেখা না পাওয়ায় শিশু-কিশোর-তরুণদের মনে কিছুটা বেদনাও আছে।
এর পরও প্রতিবছর হাওরাঞ্চলে বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে কিশোর-কিশোরীদের দিন গোনাও শুরু হয়। কবে পানি কমবে, তারা নামবে মাঝ ধরতে। একসময় তাদের সেই অপেক্ষা শেষ হয়। তারা দল বেঁধে পানিতে নামে, মাছ শিকারের আশায় এ হাওর থেকে ও হাওরে দিনমান ঘুরে বেড়ায়। মাছ পায়ও তারা। রানি, গোলসা, শিং, মাগুর, চেলা, বাইল্লা, টাকি, পুঁটি, মেনি, লাসো, পাবদা, বাইম, কটকটি, চান্দা—কত প্রকারের দেশি মাছই না ধরা পড়ে তাদের হাতে! রাতে ধানি লঙ্কা দিয়ে মায়ের হাতে রান্না করা এসব তাজা মাছের ঝোলের সুগন্ধ লিলুয়া বাতাসে ছড়িয়ে পড়ে।
বহুকাল ধরে শহুরে ইট-পাথরের সভ্যতায় ধূসর হতে থাকা পুরোনো স্মৃতিগুলো কারও কারও মনে নতুন করে সজীব হয়। তাঁদের স্মৃতিতে বারবার ফিরে আসে ফেলে আসা গ্রামীণ শৈশব। সবুজ শৈশব তাঁদের হাতছানি দিয়ে ডাকে। সে ডাকে সাড়া দিয়ে কেউ কেউ জাল, সেচযন্ত্র ও খলুই হাতে নেমে পড়েন পানিতে। কিশোর-কিশোরীদের সঙ্গে তাল মিলিয়ে তাঁরাও মেতে ওঠেন মাছ শিকারে।
রাতে রান্না শেষে জিবে জল আসা সেসব তাজা মাছের ভাজা কিংবা তরকারি পাতে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে আয়েশিভঙ্গিতে খাওয়া সারেন। মনে মনে ভাবেন, আহা, গ্রামের ফেলে আসা দিনগুলো কতই না মধুর ছিল! আর যাঁরা গ্রাম ছেড়ে অনেক আগেই শহরে থিতু হয়েছেন, তাঁরা কেবলই বর্ষার শেষ সময়ে গ্রামীণ জীবনে মাছ ধরার স্মৃতি রোমন্থন করে সময় কাটান।
গ্রামীণ জীবনে আছে দুঃখ, আছে ভাতের অভাব। ইজারাপ্রথার কারণে সংকুচিত হয়ে এসেছে মাছ ধরার ক্ষেত্রগুলো। বিনষ্ট হয়েছে মাছের অভয়ারণ্যগুলোও। বিলুপ্তপ্রায় হয়ে পড়ছে অধিকাংশ দেশীয় প্রজাতির মাছের বংশধারা। এর পরও বাড়ির পাশের খাল-বিল-হাওরে এখনো দেশি মাছের অভাব নেই। এখনো পানিতে ভেসে বেড়ায় নানা প্রজাতির মাছ। এখনো শুকিয়ে যাওয়া জলাশয় হাতড়িয়ে মাছ শিকার করে কিশোরেরা।
‘মাছে-ভাতে বাঙালি’—এটি এখনো হাওরাঞ্চলের মানুষদের জন্য প্রযোজ্য। তবে তা আর কতকাল? এই প্রতিবেদক এ প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড হাওর এগ্রিকালচার বিভাগের অধ্যাপক মো. নুর হোসেন মিয়ার কাছে। গতকাল শুক্রবার তিনি বলেন, হাওরের পানিতে ইদানীং অধিক মাত্রায় কীটনাশক ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া অনেক ইজারাদার এসব হাওরের পানি সেচ দিয়ে শুকিয়ে ফেলে মাছ ধরছেন। এসব কারণে স্বাদু পানির মাছ দিেন দিেন কমে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের উচিত বর্ষাকালে হাওরে অনেক বেশি পরিমাণে মাছের পোনা ছাড়া।
অবস্থা যা-ই হোক না কেন, হয়তো আরও কিছুদিন গ্রামীণ কিশোরদের হাতড়িয়ে মাছ শিকারের দৃশ্য চোখে পড়বে। কিন্তু যাঁরা জীবনযাপনের তাগিদে গ্রাম ছেড়ে শহরে এসেছেন, যাঁরা নিজেদের শত ব্যস্ততা ও কাজ সামলিয়ে গ্রামে যেতে পারছেন না, তাঁদের মনের অবস্থাটা কেমন? তাঁদের কি মনে পড়ছে না এই বর্ষা শেষের এখনকার মৌসুমটির কথা? তা ভেবেই হয়তো কেউ কেউ আপন মনে আওড়াচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই কবিতার পঙ্ক্তি—‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার/ তাই জনম গেল, শান্তি পেলি না রে মন, মন রে আমার।’