হাওরে শিশুদের টিকা দিতে বাধা দিচ্ছেন অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
healt
healt

চলতি বছরের মার্চে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক খেয়ে শিশু মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পোলিওসহ বিভিন্ন রোগের প্রতিষেধক গ্রহণের হার প্রায় ৬০ শতাংশ কমে গেছে। শিশুদের টিকা দিতে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বাড়িতে গেলে অভিভাবকেরা তাঁদের বাধা দিচ্ছেন। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক খাওয়ানোর পর শিশুদের মৃত্যু ও অসুস্থ হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এর পর থেকে হাওরবেষ্টিত এ উপজেলায় প্রতিষেধক গ্রহণের হার কমে যায়। গত মার্চের আগে পোলিওসহ বিভিন্ন রোগের প্রতিষেধক গ্রহণের হার ছিল শতভাগ। মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা বলছেন, বর্তমানে টিকা গ্রহণের হার ২০ বছর আগের অবস্থায় চলে গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বিসহ বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়ে থাকে। গর্ভের শিশুর সুস্থতায় অন্তঃসত্ত্বা নারীদের প্রতিষেধক দেওয়ার পাশাপাশি কিশোরীদের ধনুষ্টঙ্কার প্রতিরোধেও টিকা দেওয়া হয়ে থাকে। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে গত ফেব্রুয়ারিতে ১০২টি শিশু বিভিন্ন রোগের প্রতিষেধক গ্রহণ করে। গত এপ্রিলে ওই ইউনিয়নের ১৪০টি শিশুকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু ওই মাসে মাত্র ২০টি শিশুকে প্রতিষেধক দেওয়া সম্ভব হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান নজরুল ইসলাম বলেন, হাওরবেষ্টিত এ উপজেলায় শিক্ষার হার অত্যন্ত কম। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে শিশু মৃত্যুর গুজব ওঠার পর এখানকার অভিভাবকেরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। স্বাস্থ্যকর্মীরা বাড়ি গেলেও অভিভাবকেরা শিশু, অন্তঃসত্ত্বা নারী ও কিশোরীদের টিকা দিতে বাধা দিচ্ছেন। তিনি জানান, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সাতটি ইউনিয়নে যথাক্রমে ৫১৯ ও ৪৭৫টি শিশুকে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়েছে। এপ্রিলে লক্ষ্যমাত্রা ৬৩৪ জন থাকলেও মাত্র ২০৬টি শিশুকে টিকা দেওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) আবুল হাসেম আনসারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে সব ঠিক থাকলেও গত ১২ মার্চের পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রামের শিরিনা আক্তার বলেন, ‘টিকা নিয়া পুলাপান মারা গেছে। এর লাগি আমার পুলারে টিকা দেই না।’

দক্ষিণ বড়দল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য সহকারী দেবরাজ পুরকায়স্থ জানান, বর্তমানে তাঁরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, এমন পরিস্থিতিতে ২০ বছর আগে তাঁদের পড়তে হতো।

ইউএইচও আবুল হাসেম আনসারী বলেন, এ অবস্থা কাটিয়ে উঠতে সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। টিকা না নিলে শিশু, অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের বাচ্চা নানা রকম শারীরিক ক্ষতির সম্মুখীন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাব হোসেন বলেন, কর্মক্ষম ও সুস্থ জাতি হিসেবে গড়ে উঠতে হলে অবশ্যই টিকা নিতে হবে। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসতে হবে।