হাওরে সরকারি স্বাস্থ্যসেবার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওরে চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র আটজন। কিশোরগঞ্জ টিআইবির সচেতন নাগরিক কমিটির স্বাস্থ্যবিষয়ক কমিটির আহ্বায়ক এম এ কাইয়ুম ৩৬টি পদের মধ্যে ২৮টি পদে চিকিৎসক নেই—এই বিষয়টি রীতিমতো বিস্ময়কর মন্তব্য করে বলেন, এ থেকেই বোঝা যায়, কিশোরগঞ্জের গভীর হাওরে কার্যত সরকারি চিকিৎসাসেবা বলতে কিছু নেই। সরেজমিনে জানা গেছে, গভীর হাওরের ইটনা, নিকলী, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় আটজন কর্মরত আছেন। তাও আবার কোনো কোনো চিকিৎসক সপ্তাহে দুই-তিন দিন পালা করে হাসপাতালে আসেন বলে অভিযোগ রয়েছে। কর্মরত আটজন চিকিৎসককে চার উপজেলার ১২ লাখ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা সামলাতে হচ্ছে। সর্বশেষ প্রাপ্ত হিসাবে জানা গেছে, মিঠামইনে নয়জনের মধ্যে আছেন একজন, নিকলীতে নয়জনের মধ্যে তিনজন, অষ্টগ্রামে নয়জনের মধ্যে দুজন ও ইটনা উপজেলায় নয়জনের মধ্যে কর্মরত আছেন মাত্র দুজন চিকিৎসক। মিঠামইনে কোনো বিশেষ কারণে কর্মরত চিকিৎসক ছুটিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পড়ে স্বাস্থ্য সহকারীদের ওপর। ফলে প্রায়ই এখানে স্বাস্থ্য সহকারীরা চিকিৎসার ভার নিয়ে থাকেন।ইটনা উপজেলার সংস্কৃতিকর্মী এ জেড এম আসলাম ইকবাল তুহিন জানান, ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন ডাক্তারের পদ রয়েছে। গত পাঁচ বছরে এখানে দুজনের বেশি ডাক্তার কখনো দেখা যায়নি। ডাক্তার না থাকায় এখানে সাধারণত কেউ চিকিৎসা নিতে আসেন না। মিঠামইন কলেজের অধ্যক্ষ আবদুল হাই জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে মিঠামইন আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হয়। সব ধরনের অবকাঠামো থাকার পরও শুধু চিকিৎসক না থাকার কারণে মিঠামইনবাসী সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। অষ্টগ্রামের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পিপলু জানান, শুধু ডাক্তার-সংকটের কারণে অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে সুষ্ঠু চিকিৎসাসেবা কার্যত বন্ধ। এখানে চিকিৎসকেরা সপ্তাহে পালা করে হাসপাতালে কাজ করতে আসেন। ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসরাইল হোসেন জানান, দীর্ঘদিন চিকিৎসক না থাকায় হাওরে সার্বিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা হাবিবুল হক গনি জানান, ‘আমি একাই দায়িত্বে আছি। ফলে সার্বিক প্রশাসনিক ও চিকিৎসা-কার্যক্রম যতটুকু সম্ভব করে যাচ্ছি। একজন চিকিৎসক এ কথা ভাবতে গেলে আমার কাছেও বিস্ময়কর মনে হয়।’সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এসেই জানলাম হাওরের চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই। হাওরবাসী চিকিৎসা পাচ্ছে না। বিষয়টি অনুধাবন করে আমি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠিয়েছি। জেলা প্রশাসন থেকেও একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র পাঠানো হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।’