হাওরে হামলায় আহত আরেকজনের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে হাওরে হামলার ঘটনায় আহত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৩৫)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি মোগলাবাজার থানার ধোপাকান্দির চানপুর গ্রামে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা করা হলে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন মোগলাবাজার থানাধীন ধোপাকান্দির চানপুর গ্রামের ফেরদৌস আহমদ (২৭), একই গ্রামের হাসান মিয়া (৩০), জাকির হোসেন (২২) ও আজির উদ্দিন (৪২)। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরসালিন জানান, আজির উদ্দিনকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সকালে মোগলাবাজারে প্রতিপক্ষের সুলপির আঘাতে আকবর আলী (৫০) নামের এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। জমি নিয়ে বিরোধের জের ধরে হাওরে মাছ ধরার সময় এ হতাহতের ঘটনা ঘটে।