হাওরে ৪২ প্রজাতির উদ্ভিদ বিলুপ্তির পথে
সিলেটের জিলকার হাওরের একাংশজুড়ে থাকত ‘চাইল্লাবন’। সদর উপজেলার কান্দিরগাঁও এলাকায় চাইল্লাবন দিয়ে হাওরের সংযোগ নদী চেঙের খালের বর্ষাকালীন পানির স্রোত সামাল দেওয়া হতো। হাওরে বোরো ফসলি জমিগুলোয় দেওয়া হতো অস্থায়ী বাঁধ। সেই চাইল্লাবন এখন হাওর ঘুরেও মেলে না বলে জানালেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরউদ্দিন।
শুধু সিলেটের জিলকার হাওরে নয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলার হাওরগুলোয় নানা রকম জলজ উদ্ভিদ দুষ্প্রাপ্য হওয়ায় হাওরে কৃষি প্রাকৃতিক নির্ভরতা দিনে দিনে কমে যাচ্ছে। এতে বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে।
এক হিসাবে, ৪২ প্রজাতির উদ্ভিদ বিলুপ্তির পথে রয়েছে বলে উদ্ভিদসংশ্ল্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে হাওরের নিজস্ব উদ্ভিদ ধ্বংস করে নানা ধরনের অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এ অবস্থায় হাওরের পুরো জীববৈচিত্র্য হুমকির মুখে।
হাওরে প্রায় ২০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এসব উদ্ভিদের মধ্যে যেসব উদ্ভিদ বিলুপ্তির পথে রয়েছে, সেগুলো হচ্ছে বুনো গোলাপ, মাখনা, দেউরি, আশহান, দুদুল, কাটাঝাউ, পাথুই, কার্ড, পউরা, আরাইল, কেশুর, আগরা, চিচরা, উপল, কুই, বলুয়া, বালাডুমুর, পানিকলা, দুধিলতা, গুঞ্জিকাটা ও বনতুলসী। এ ছাড়া হাওরের অতি পরিচিত উদ্ভিদ কচুরিপানা, আমড়া, সিঙরা, দুর্বা, শাপলা, চাইল্লা, ঢোলকলমি ও হেলেঞ্চাও আগের মতো পাওয়া যায় না।
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনীমোহন দাস বলেন, ‘হাওরাঞ্চলে কিছু উদ্ভিদ রয়েছে, যেগুলো দেশের আর কোনো অঞ্চলে তেমন একটা দেখা যায় না। তবে ১০ বছর আগেও যেসব উদ্ভিদ দেখেছি, সেগুলো এখন আর চোখে পড়ে না।’ কৃষি ও মৎস্যবান্ধব এসব উদ্ভিদ বিলুপ্ত হওয়ার কারণে খাদ্য উৎপাদনের অন্যতম উৎস হাওরাঞ্চলের বিপুল সম্ভাবনা ক্রমেই ম্লান হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
উদ্ভিদ বিলুপ্তির কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা জানান, দীর্ঘদিন ধরে হাওর এলাকার মানুষজন ক্ষুদ্র স্বার্থে প্রকৃতি ধ্বংস করে অবকাঠামোগত পরিবর্তন করছেন। এ ছাড়া কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং অপরিকল্পিতভাবে যত্রতত্র জলকপাট (স্লুইসগেট) ও বাঁধ নির্মাণ হাওরাঞ্চলের উদ্ভিদ বিলুপ্তির অন্যতম প্রধান কারণ। এতে হাওরের একমাত্র ফসল বোরো ধান উৎপাদন ও পর্যাপ্ত মৎস্য আহরণ সম্ভব হচ্ছে না। উদ্ভিদ দিনে দিনে কমে গিয়ে প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হওয়ার কারণে কয়েক বছর ধরে সবজিসহ বিভিন্ন উৎপাদনশীল কৃষি ফসল উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড হাওর অ্যাগ্রিকালচার বিভাগের প্রধান নুর হোসেন মিয়া জানান, অপরিকল্পিত জমির ব্যবহার, পানি সেচে মাছ ধরা, রাসায়নিক সারের অবাধ ব্যবহার, পানিদূষণসহ বিভিন্ন কারণে হাওরের উদ্ভিদ বিলুপ্ত হচ্ছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যে হাওরের অধিকাংশ উদ্ভিদই চিরতরে হারিয়ে যাবে।
সিলেটের এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রজতকান্তি সোম প্রথম আলোকে জানান, পরিবেশগত পরিবর্তন, মানুষের নানামুখী পরিবেশ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে হাওরের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। শুধু হাওরের উদ্ভিদ বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সরকারি উদ্যোগে একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করে জলাভূমি সংরক্ষণের কাজ চালিয়ে যেতে হবে।