হাওরে ৫০ হাজার জেলে ভিজিএফ কর্মসূচির আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার জেলেকে দুস্থ ব্যক্তিদের খাদ্যসহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে তাঁরা ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে পাবেন।

আজ বৃহস্পতিবার হাওরে দুর্যোগ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর হাওরের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন তৈরি করবে এবং তারা ক্ষতি মোকাবিলায় কী করছে, সে বিষয়ে আন্তমন্ত্রণালয় সমন্বয় সভায় প্রতি সপ্তাহে তাদের প্রতিবেদন উপস্থাপন করবে।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল বলেন, ‘আমরা এর আগে থেকেই ৩ লাখ ৩০ হাজার ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে সহায়তা দেওয়া শুরু করেছি। নতুন করে আরও ৫০ হাজার জেলেকে এর অন্তর্ভুক্ত করা হলো।’