হাওরে 'আভুরা' সড়কের নির্মাণকাজ পরিদর্শনে রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে হাওরের ‘আভুরা’ (সারা বছরের উপযোগী) সড়কসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বিকেলে রাষ্ট্রপতি এ জন্য নদীপথে স্পিডবোটে করে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে যান।

রাষ্ট্রপতি ঢাকী ইউনিয়নে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলার আভুরা সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিশোরগঞ্জের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, সোহরাব উদ্দিন ও আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও মুক্তিযোদ্ধা আবদুল হক।

রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার কিশোরগঞ্জে আসেন। আজ শনিবার ঢাকার উদ্দেশে তিনি মিঠামইন ত্যাগ করবেন।

আভুরা সড়ক হচ্ছে হাওরে বর্ষায় যে সড়ক ডোবে না। আর ‘ডুবা’ সড়ক বা ‘ভুরা’ সড়ক হচ্ছে যে সড়ক বর্ষায় পানিতে তলিয়ে যায়।

চলতি বছরের ২১ এপ্রিল রাষ্ট্রপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আভুরা সড়ক, সড়কে তিনটি বড় সেতু ও সাতটি ছোট সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।