হাওরের আতঙ্কিত কৃষক কাটছেন আধাপাকা ধান
নৌকার ঢেউয়ে হাওর রক্ষার বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, এ আশঙ্কায় সুনামগঞ্জের তাহিরপুরে দুটি নদীতে সাত দিন ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে। জেলার জগন্নাথপুরের ফসলহারা কৃষকদের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাহাড়ি ঢল ও জোয়ারের আশঙ্কায় কিশোরগঞ্জের নিকলীতে কৃষকেরা আগাম ধান কাটা শুরু করেছেন।তাহিরপুরে নৌ-চলাচল বন্ধ: ঢেউয়ে হাওর রক্ষার বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ৩ এপ্রিল থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই ও পাটলাই নদীতে নৌ-চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের বৃহত্ কয়লা আমদানি শুল্ক স্টেশন বড়ছড়া-চারাগাঁও ও বাগলী দিয়ে আমদানি করা কয়লা ও চুনাপাথর পরিবহন বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বন্ধ রয়েছে দেশের বিখ্যাত ‘সিলেট সেন্ট’ হিসেবে পরিচিত ফাজিলপুরের বালি পরিবহন। স্থানীয় বাজারগুলোতে কেরোসিন, গুড়, চিড়া, বাঁশ, চাটাইসহ নিত্যপ্রয়োজনীয় মালামালের সংকট দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, তাই নৌ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বাজারে মালামালের সংকট সৃষ্টি হয়েছে।জগন্নাথপুরে কৃষিঋণ পরিশোধের জন্য চাপ: উপজেলার প্রধান দুটি হাওরের ১৫ হাজার হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে এখনো আহাজারি চলছে। আজ রোববারের মধ্যে বকেয়া পরিশোধের জন্য নোটিশ দেওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক ছালিক মিয়া বলেন, ‘২৬ কেদারা জমি আবাদ করেছিলাম। বাঁধ ভেঙে সব জমি পানিতে তলিয়ে গেছে। চিন্তায় আছি, সংসার চালাব কী করে? এর মধ্যে ঋণ পরিশোধের চিঠি দেওয়া হয়েছে, পথ খুঁজে পাচ্ছি না।’ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বকেয়া ঋণ পরিশোধের জন্য চিঠি বিতরণ করেছি।’নিকলীতে আধাপাকা ধান কাটা শুরু: পুরোপুরি না পাকলেও ধান কাটতে শুরু করেছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৃষকেরা। অথচ এই ধান পাকতে আরও ১৫-২০ দিন দেরি হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। পাহাড়ি ঢল ও অমাবস্যার জোয়ারের পানিতে বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা ধান কাটছেন বলে জানা গেছে।এরই মধ্যে পাহাড়ি ঢলে বাইরচর, হডারচর, বান্ডারচর, ইসবদিরচর, পরানেরচর, বৈরাগীরচর, দিঘলারচর, শোলা বারিয়ারচর, সিংপুরচর ও ভাটি বরাটিয়া চরের প্রায় পাঁচ হাজার একর উঠতি বোরো ধান পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ১০টি বাঁধ। এদিকে বাজারে উঠতে শুরু করেছে ভেজা ধান। কাঁচা-পাকার মিশ্রণ ও ভেজা থাকায় ধানের তেমন দাম পাচ্ছেন না কৃষকেরা। নতুন ধান এখন ৪০০-৪৩০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন তাহিরপুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) ও নিকলী (কিশোরগঞ্জ), প্রতিনিধি]