সরকার হাওর এলাকায় কৃষকদের মধ্যে এ বছর বিনা মূল্যে রাইস প্লান্টার (শস্য রোপণ যন্ত্র) এবং রাইস রিপার (শস্য কাটার যন্ত্র) সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ জন্য কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ কোটি ৬০ লাখ টাকার একটি কর্মসূচি নেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ কথা জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, দেশের হাওর এলাকার সাতটি জেলা সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ৫৭টি উপজেলার ২৭৪টি ইউনিয়নে ৩৭৩টি হাওর আছে। এসব এলাকায় ৯ দশমিক ১৯ লাখ হেক্টর জমিতে বোরো চাষ হয়। ফসল উৎপন্ন হয় ৩৫ দশমিক ৬০ লাখ মেট্রিক টন। এসব এলাকায় প্রতি ইউনিয়নে একটি করে ২৭৫টি রাইস রিপার যন্ত্র দেওয়া হবে। আর প্রতি তিন ইউনিয়নে একটি করে ১০০টি রাইস প্লান্টার যন্ত্র দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় ব্যবহার উপযোগী প্রায় এক হাজার কৃষক, ৪২০ জন মেকানিক-ড্রাইভার, ৫০০ জন এসএএও এবং ৬০ জন কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
কৃষিমন্ত্রী বলেন, প্রস্তাবিত এই অর্থ ২০১৪-১৫ অর্থবছরের কৃষি মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত কৃষি পুনর্বাসন সহায়ক খাতের অর্থ থেকে সংস্থান করা হচ্ছে। প্রস্তাবটি ২০১৪-১৫ অর্থবছরের হলেও আগামী বোরো মৌসুমকে উদ্দেশ্যে করে নেওয়া হয়েছে এবং বাজেট অধিবেশন থাকায় নতুন অর্থবছরের শুরুতে ঘোষণা দেওয়া হচ্ছে।