বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের নামে ওএমএসের যে পণ্য বিতরণ করছে, তা মূলত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরাই পাচ্ছেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ থেকে বঞ্চিত হচ্ছেন।
মঙ্গলবার বিকেলে ইটনা উপজেলা সদর এলাকার নতুন বাজার মাঠে জেলা বিএনপির আয়োজনে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘হাওরের মানুষ ধান হারিয়ে হাহাকার করছে। তাই আমাদের দাবি, জাল যার জল তার হবে। যাতে তাঁরা অবাধে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারেন’। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদসহ সব ঋণ মওকুফ এবং সেই সঙ্গে কৃষকদের নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য আবার তাঁদের সুদবিহীন ঋণ বিতরণের দাবি জানান সরকারের প্রতি।
আগামী নির্বাচন সম্পর্কে নোমান বলেন, ‘আমরা একটা সহায়ক সরকারের দাবি করব। এই সহায়ক সরকারের অধীনে নির্বাচন করতে এই সরকারকে বাধ্য করব।’
ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, ময়মনসিংহ বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
সমাবেশ শেষে হাওরাঞ্চলের সাড়ে ৬০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সাড়ে ১২ কেজি করে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়। পরে অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায়ও ত্রাণ বিতরণ করবেন বলে জানান দলটির নেতারা।