
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকার মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ জন্য হাওরপারে ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হবে। ফসলহারা মানুষের বিনা মূল্যে চিকিৎসা, ওষুধের ব্যবস্থা করবে সরকার।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণকালে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। পরে দুপুরে সেখানে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা খালেদা জিয়ার মতো ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দিই না। হাওরে মানুষের এই দুঃখ-দুর্দশায় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছি।’
হাওর এলাকায় সিপিবি ও বাসদের প্রতিনিধি দল
সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রতিনিধিরা। গতকাল শনির হাওর ও হালির হাওর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা।