হাওরের খুদে শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষাতরী’
হাওরের থইথই জলে ভাসমান একটি নৌকা। নৌকার ভেতরটা সাজানো-গোছানো। বইখাতা নিয়ে বসে আছে ৩০ জন খুদে শিক্ষার্থী। নৌকাটি সকালে আশপাশের তিনটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব শিক্ষার্থীকে তুলে আনে। পাঠদান শেষে আবার বাড়ি পৌঁছে দেয়। সুনামগঞ্জের হাওর এলাকায় বর্ষা মৌসুমে শিশুদের লেখাপড়ার জন্য এমনিভাবে ৪৪টি ভাসমান বিদ্যালয় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এসব বিদ্যালয়ের নাম ‘শিক্ষাতরী’। গতকাল শনিবার জেলার দিরাই উপজেলার ভাটিধল গ্রামের পাশের বরাম হাওরে দুটি শিক্ষতরী পরিদর্শন করেন ঢাকায় ফিলিপাইনের রাষ্ট্রদূত বাহনারিম আবু গুইনমলা। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘এটি বাস্তবসম্মত একটি নতুন ধারণা। হাওর এলাকার দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এটি একই সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে।’ব্র্যাকের শিক্ষা প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে সুনামগঞ্জের হাওর এলাকা জলমগ্ন থাকে। এক গ্রাম থেকে অন্য গ্রামে নৌকা ছাড়া যাতায়াত সম্ভব হয় না। মানুষজন খুবই দরিদ্র। সন্তানদের লেখাপড়া নিয়ে তারা উদাসীন। অনেকে আবার আশপাশে স্কুল না থাকায় ছেলেমেয়েদের স্কুলে দিতে চায় না। এসব বিষয় চিন্তা করেই ব্র্যাক গত বছর সুনামগঞ্জে এ কর্মসূচি চালু করে। জেলার চারটি উপজেলায় এ পর্যন্ত ৪৪টি শিক্ষাতরী তৈরি করা হয়েছে। প্রতিটি নৌকা ৪৫ ফুট দীর্ঘ, ১০ ফুট প্রস্থ ও উচ্চতায় সাড়ে ছয় ফুট।এ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মিল্টন রায় জানান, প্রতিটি নৌকা তৈরি করতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতিটি শিক্ষাতরীতে ৩০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। স্থানীয় একজন শিক্ষক রয়েছেন। শিক্ষাতরীতে পাঠাগার, শৌচাগারের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের সব উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়। তিনি জানান, এখান থেকে শিশুরা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে সমাপনী পরীক্ষায় অংশ নেবে।স্থানীয় ভাটিধল গ্রামের বাসিন্দা জেলে নুর উদ্দিন জানান, গ্রামে কেনো স্কুল না থাকায় আগে তাঁর মেয়ে শারমিন আক্তার লেখাপড়া করত না। এখন গ্রামে শিক্ষাতরী চালু হওয়ায় মেয়েকে স্কুলে দিয়েছেন। একই গ্রামের চঞ্চলা রানী দাশের বয়স ১২। কিন্তু আশপাশে কোনো স্কুল না থাকায় এত দিন তার লেখাপড়া হয়নি। এখন গ্রামে শিক্ষাতরী চালু হওয়ায় সেও লেখাপড়া করছে। শিক্ষাতরীর শিক্ষক লাকী চৌধুরী বলেন, ‘এখানে যারা শিক্ষাতরীতে আসছে, তারা আগে কেউই স্কুলে যেত না। এখন তারা নিয়মিত এখানে পড়তে আসে।’গতকাল ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষাতরী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, ব্র্যাকের কর্মকর্তা জাফর আহমদ, জাহাঙ্গীর আলম, মাজহারুল ইসলাম, আবু সাঈদ, আবুল মনসুর চৌধুরী, মুকুল ঘোষ, প্রণয়কান্তি দাশ প্রমুখ।