হাওরের ঘটনায় দোষীদের বিচারের দাবি টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, প্রতিবছর হাওরে যে ধ্বংসযজ্ঞ হয়, এর কারণ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রভাবশালী মহল এবং বাঁধ নির্মাণকাজে জড়িত ব্যক্তিদের দুর্নীতি ও অনিয়ম। সরকারের কাছে দাবি, দোষী ব্যক্তিদের যেন বিচারের আওতায় আনা হয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বেলা ১১টায় ‘পিপলস ক্লাইমেট মার্চ’ শীর্ষক মানববন্ধনে ইফতেখারুজ্জামান এই দাবি জানান। জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে টিআইবি এই মানববন্ধনের আয়োজন করে।

ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে দায়ী যুক্তরাষ্ট্র। পৃথিবীর নির্বাচিত স্বৈরতান্ত্রিক ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা ক্ষতিপূরণ হিসেবে অন্য ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে বলে যে অঙ্গীকার করেছিল, তা থেকে সরে আসছে, যা গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের এই নেতিবাচক সিদ্ধান্তে মানববন্ধন থেকে প্রতিবাদ জানান তিনি।

সরকারকে জলবায়ু ট্রাস্ট তহবিল গঠনের জন্য ধন্যবাদ জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পর্যাপ্ত বৈদেশিক অর্থ যত দিন না আসে, তত দিন পর্যন্ত জনগণের অর্থে এই তহবিল চালু রাখার দাবি জানান তিনি।

মানববন্ধনে টিআইবির জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাকির হোসেন খান জলবায়ু পরিবর্তনে ‘প্যারিস চুক্তি’ বাস্তবায়নে সব শিল্পোন্নত দেশের অঙ্গীকার অব্যাহত রাখা, জলবায়ু অর্থায়ন নিশ্চিত, বৈশ্বিক তহবিলের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল’ চালু রাখাসহ ১০ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য, টিআইবি কর্মী ও টিআইবি সদস্যরা অংশগ্রহণ করেন।