হাওরের জন্য ঝুঁকি মেঘালয়ের কোল
বসতি তাদের ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে। পাহাড়ে ভারী বৃষ্টি হলেই বসতি এলাকা দিয়ে ঢল নামে। এ ঢল মোকাবিলা করেই চলে তাদের জীবন। কিন্তু ২০০৭ সালের বর্ষা মৌসুমে ঘটল ভিন্ন ঘটনা। দিনে ভারী বৃষ্টি হওয়ায় রাতে নামা ঢল যেন বসতি এলাকার মানুষের চির চেনা সেই রূপকে ছাড়িয়ে গেল। সে সময় পানি-বালুর সঙ্গে পাহাড় থেকে নেমে এসেছিল বড় বড় পাথর খণ্ড।
‘ঠাসঠুস শব্দ কইরা মনে অইছিল আস্ত পাড় (পাহাড়) ভাঙি পড়ছে। ঘর থাকি কোনো রকম বাইর অইয়া জীবন বাঁচাইছি। রাত ভোর অইলে দেখি বালু-পাথরের স্তরে সয়লাব।’ সেই রাতের কথা এভাবেই বর্ণনা করেন মনির উদ্দিন (৭০)। ঘটনাটি ঘটে ভারতের সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে।
এলাকাবাসীর কয়েকজন জানান, প্রথম দফা এ ঢল দেখে স্থানীয় জনসাধারণসহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের ধারণা হয়েছিল, চুনাপাথর ও কয়লাখনিসমৃদ্ধ ভারতের মেঘালয় পাহাড়ের কোনো পাথর কোয়ারি ধসে এ রকম হয়েছে। কিন্তু ২০০৭ সালের পরও প্রতি বর্ষায় পাহাড়ি ঢলের সঙ্গে বালু ও পাথর খণ্ডের আস্তরণ পড়া অব্যাহত থাকায় সেখানে বসবাসকারীরা এটিকে প্রাকৃতিক দুর্যোগ বলে ধারণা করেন।
সরেজমিনে দেখা গেছে, তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত লাগোয়া চানপুর, টিলাপাড়া, নয়াছড়া, পাহাড়তলী, কড়ইগড়া ও রজনীলাইন গ্রাম। এর মধ্যে রজনীলাইন ও কড়ইগড়া আদিবাসী অধ্যুষিত। গ্রামগুলোর বসতির অবস্থান অনেকটা মেঘালয়ের কোলে। চানপুর থেকে রজনীলাইন পর্যন্ত তিন শতাধিক বসতি বুক সমান বালু-পাথরের নিচে ঢাকা পড়েছে। বাড়ির আঙিনা, পুকুর সবই বালু-পাথরের স্তূপে ঢাকা। আর গাছগাছালি মরে যাচ্ছে।
ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈয়ন্তিয়া পাহাড়বেষ্টিত সিলেট অঞ্চলের উত্তর-পূর্ব দিক। ওই অঞ্চলের ‘মাদার ফিশারিজ’ খ্যাত টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, সিলেটের গোয়াইনঘাটের শিয়ালা হাওরসহ সুনামগঞ্জ ও সিলেটের অন্তত আটটি হাওরের অবস্থান। পাহাড়ি ঢলের বালু ও পাথরের আস্তরণ এসব হাওরেও গিয়ে পড়ছে।
সিলেট থেকে সুনামগঞ্জের ধরমপাশার মহেষখালী পর্যন্ত ভারতের সীমান্তবর্তী গোয়াইনঘাটের ডাউকি, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও সুনামগঞ্জের বড়ছড়া, টেকেরঘাট, লাকমা, লালঘাট, বাঁশতলা, রন্দু, সুন্দরবন, বাগলি ও নয়াছড়া নামের ১৯টি পাহাড়ি ছড়া দিয়ে যে পাথর খণ্ড আসে, সেগুলো বিবর্ণ। পাথরের টুকরোগুলো মাটির উর্বরতাকেও নষ্ট করে দিচ্ছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমদ জানান, এ রকম পরিস্থিতির সৃষ্টি হওয়া অবশ্যই নীরব এক দুর্যোগ। আবহাওয়াগত পরিবর্তনের কারণে পাহাড় দুর্বল হয়ে পড়ায় এমনটি ঘটতে পারে জানিয়ে তাঁর পরামর্শ হচ্ছে, ভারত-নেপাল-বাংলাদেশ মিলে আন্তর্জাতিক পরিসরে আলোচনা করে এর প্রতিকার বের করতে হবে।