হাওরের জলাবদ্ধতা দূর করার দাবিতে প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দূর করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুরমা, কুশিয়ারা, কালনী নদী খননসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত জেলা কালেক্টরেট ভবন চত্বরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক প্রাঙ্গণে এই অনশন পালিত হয়।অনশন শেষে জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক অজিত রায়, সিলেট জেলা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বরাম হাওর, উদগল, কালিকোটা, ছায়া-ভান্ডা, গিলটিয়া; জামালগঞ্জের পাগনার হাওর; ধরমপাশা উপজেলার বড়গোলা ডোবার হাওর, ছোট গোলা ডোবার হাওরসহ জেলার ১২টি হাওরে জলাবদ্ধতার কারণে প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে কৃষকেরা ফসল লাগাতে পারছেন না। অবিলম্বে এই হাওরগুলোর জলাবদ্ধতা দূর করতে পদক্ষেপ নেওয়া দরকার। গত ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের তাহিরপুরে এক সমাবেশে নদী খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ঘোষণা বাস্তবায়নের দাবি জানান তাঁরা।