হাওরের জীবনমান উন্নয়নে সহায়তা দেবে ইফাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওর এলাকার কৃষি ও জীবনমান উন্নয়নে পাঁচ কোটি ৬০ লাখ ডলার ঋণসহায়তা দেবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। সুনামগঞ্জের কমিউনিটিভিত্তিক প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে এই অর্থ দেওয়া হবে। গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ এবং ইফাদের পক্ষে প্রেসিডেন্ট কানেয়ো এফ এনওয়াজে এই ঋণ চুক্তি স্বাক্ষর করেন। ১০ কোটি ১৮ লাখ ডলারের এই প্রকল্পে বাংলাদেশ সরকার তিন কোটি ২০ লাখ ডলার জোগান দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে সহজে বিক্রির সুযোগ তৈরি করা হবে। ফসল উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদের ওপর স্থানীয় মানুষের অগ্রাধিকার প্রতিষ্ঠা, দুর্যোগ থেকে রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই প্রকল্প ভূমিকা রাখবে। নেত্রকোনা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার হাওর এলাকার অধিবাসীরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রকল্পটি সম্পর্কে ইফাদ প্রেসিডেন্ট বলেন, এ প্রকল্প হাওর এলাকার মানুষের দারিদ্র্য বিমোচনে ভূমিকা পালন করবে। একই সঙ্গে বাংলাদেশের খাদ্য উৎপাদনও বাড়াবে। ইফাদের প্রেসিডেন্ট এ চুক্তি স্বাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন। গত মঙ্গলবার তিনি সুনামগঞ্জের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।