হাওরের টানে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের সফরে গতকাল বুধবার নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন। চার দিন কাটাবেন হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে। শেষের দিন অবস্থান করবেন কিশোরগঞ্জ শহরে নিজ বাসভবনে।
পাঁচ দিন সফরের প্রথম দিন গতকাল দুপুরে অষ্টগ্রামে আসেন তিনি। হেলিকপ্টার থেকে নেমেই মাইক নিয়ে হাওরবাসীকে জানান তাঁর লম্বা সফরের উদ্দেশ্য।
রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গভবনে খাওয়া ভালো, থাকাও ভালো। খালি বন্দী করে রাখে। কিন্তু আমি হলাম হাওরের মানুষ। পানির মধ্যে জন্ম, পানির মধ্যেই বড় হয়েছি। এরই মধ্যে বর্ষা এল-গেল, কিন্তু হাওরের পানি দেখা হলো না। এবার মূলত পানি দেখতে আসছি। এই কয় দিন নৌবাহিনীর নৌযান নিয়ে নদীতে ঘুরে বেড়াব। হাওরের সৌন্দর্য আর পানি দেখে সময় কাটাব। বন্ধুদের সঙ্গে দেখা হবে। পানি দেখতে দেখতে অষ্টগ্রাম থেকে যাব মিঠামইনে, তারপর ইটনায়।’
রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অষ্টগ্রাম হেলিপ্যাডে অবতরণ করে বেলা পৌনে দুইটায়। হেলিপ্যাডে দাঁড়িয়ে তিনি বক্তব্য দেন। এ সময় দূরে দাঁড়িয়ে তাঁদের কাছের মানুষটিকে এক নজর দেখে নেন অষ্টগ্রামবাসী।
রাষ্ট্রপতি বলেন, ‘হাওরের মানুষকে সঙ্গে নিয়ে ৫৪ বছর রাজনীতি করেছি। নির্বাচন করেছি ৪৪ বছর। নৌকায় করে বাড়ি বাড়ি গেছি। তখন কাছ থেকে হাওরবাসীকে দেখতে পেরেছি। এখন সেই সুযোগ নেই।’ স্বভাবসুলভ রসিকতা করে তিনি বলেন, ‘এখন এমন এক চিপার মধ্যে আছি, কাউকে কাছে আসতেও দেয় না, যেতেও দেয় না। এই কারণে বর্ষার পানি ধরে দেখা হয় না। তবে মনে রাখা দরকার, পিঞ্জিরার পাখি একবার বের হতে পারলে তাকে আর বন্দী রাখা যায় না। আমি এই কয় দিন শুধু পানি দেখে কাটাব।’
রাষ্ট্রপতি কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন) আসন থেকে সাতবার সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তাঁর ছেলে রেজোয়ান আহমেদ এ আসনের সাংসদ।