হাওরের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজত আমিরের
হাওরের দুর্গত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। তিনি বলেন, এখানে গড়িমসি করার যেমন অবকাশ নেই, তেমনি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির কোনো সুযোগ নেই। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, ইতিমধ্যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এসব কথা বলেন। তাঁর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ বিবৃতি পাঠানোর বিষয়টি মুঠোফোনে প্রথম আলোকে নিশ্চিত করেন।
হেফাজত আমির বলেন, দুর্গত মানুষের জন্য কার্যকর সহযোগিতার পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার করা চরম অমানবিকতা। রাজনৈতিক দলসমূহ মানবিকতাবোধের পরীক্ষায় বারবার ব্যর্থ হলে সাধারণ মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সরকারের তরফে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় মোটেই যথেষ্ট নয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি কম দামে খাদ্য ও অতি প্রয়োজনীয় সামগ্রী বিক্রির ব্যবস্থা করতে হবে।