হাওরের দুর্যোগকে 'মনুষ্যসৃষ্ট বিপর্যয়' আখ্যা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর এলাকার দুর্যোগকে ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রকৌশলী, সরকারি আমলা ও ঠিকাদারদের কারণে এ বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
গতকাল সোমবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির তথ্য সেলের সদস্যসচিব ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ সেলুর লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ভোটের রাজনীতিকে মাথায় রেখে হাওরবাসীর প্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন না করে অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করার কারণেই আজকের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাজার কোটি টাকা ব্যয় করে ‘হাওর মহাপরিকল্পনা ও ব্যবস্থাপনার’ নামে দুর্নীতির মহোৎসব চলছে। বন্যা মোকাবিলায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ক্ষেত্রবিশেষে সম্পন্ন হয়েছে ১০ থেকে ৩৫ ভাগ। এ ছাড়া নিয়মিত নদী খননের মাধ্যমে পাহাড়ি ঢলের পলি অপসারণ না করা, ফসলি জমির ওপর রাস্তা নির্মাণ, স্লুইসগেটের ত্রুটি, বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্পে দুর্নীতি এবং গড়িমসির কারণে অকাল বন্যায় হাওরের ফসল তলিয়ে গেছে। এই ব্যর্থতার জন্য দায়ী জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রকৌশলী, সরকারি আমলা ও ঠিকাদারদের জন্য হাওরাঞ্চল বিপন্ন হতে চলেছে।
সংবাদ সম্মেলনে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে জরুরি খাদ্যসহায়তা কার্যক্রম চালু, ঋণের সুদ মওকুফ, নতুন করে সুদমুক্ত ঋণ প্রদানসহ অবিলম্বে হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়। এ ছাড়া সংবাদ সম্মেলনে দুর্গত এলাকা ঘোষণা নিয়ে সম্প্রতি দুর্যোগ ও ত্রাণসচিবের বক্তব্যের নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউরেনিয়ামের মিশ্রণের কারণে মাছ ও গবাদিপশুর মৃত্যুর সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার এবং গ্রহণযোগ্য ও স্বীকৃত উপায়ে হাওরের পানি পরীক্ষার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন চলাকালে মাল্টিমিডিয়ার সাহায্যে সম্প্রতি বিএনপি নেতাদের হাওর এলাকা সফরকালীন সময়ে সেখানকার বিপর্যয়ের চিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।