হাওরের পাঁচ জেলায় বোরো উৎপাদনের লক্ষ্য ২৮ লাখ টন
বোরো ধানের ভালো ফলন হয়েছে হাওরে। লেগেছে ধান কাটার ধুম। কিষান-কিষানিরা মহা ব্যস্ত। একদল শ্রমিক ধান কাটছেন। কাটা ধান বয়ে নিয়ে আসছেন আরেক দল। ‘খলায়’ চলছে মাড়াই। নারীরা মাড়াই করা ধান বাতাসে উড়িয়ে পরিষ্কার করেছেন। পাশেই রোদে শুকানো হচ্ছে ধান। হাওরের যেদিকে চোখ যায় এখন এই একটা দৃশ্য।জানা গেছে, হাওরের জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এবার বোরো ধানের আবাদ হয়েছে সাত লাখ ১৪ হাজার ৩৮১ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯০ হাজার হেক্টর বেশি। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭ লাখ ৮৫ হাজার ২৪৪ মেট্রিক টন।হাওরবাসীর এখন একটাই প্রার্থনা, আর দিন পনেরো প্রকৃতি তাদের ওপর সদয় হোক। তবেই ধান কাটা-মাড়াই নির্বিঘ্নে শেষ করতে পারবে তারা।কৃষি বিভাগ সূত্র জানায়, এবার সুনামগঞ্জে জমি আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৪৫ হাজার ৮৪৮ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে এক লাখ ৯৩ হাজার ৮৩০ হেক্টর জমিতে। সুনামগঞ্জে এর আগে এত জমিতে বোরো আবাদ হয়নি। কোনোভাবে ফসল ক্ষতিগ্রস্ত না হলে এবার প্রায় সাত লাখ মেট্রিক টন ধান উৎপাদন করা হবে। এখন পর্যন্ত গড়ে ৪০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আর হাওরের ভেতরে কাটা হয়েছে ৫০ শতাংশ।সূত্রমতে, কিশোরগঞ্জে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় লাখ ৭১ হাজার ২৪৩ মেট্রিক টন। এখন পর্যন্ত গড়ে ৩৯ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আর হাওরের ভেতরে কাটা হয়েছে ৫৬ শতাংশ। নেত্রকোনায় লক্ষ্যমাত্রা ছয় লাখ ৯৫ হাজার মেট্রিক টন। গড়ে ৩৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আর হাওরের ভেতরে কাটা হয়েছে ৫০ শতাংশ। হবিগঞ্জে লক্ষ্যমাত্রা চার লাখ ৪৩ হাজার ২১ মেট্রিক টন। এখন পর্যন্ত কাটা হয়েছে ২০ শতাংশ জমির ধান। আর হাওরের ভেতরে কাটা হয়েছে ৪৫ শতাংশ। মৌলভীবাজারে লক্ষ্যমাত্রা দুই লাখ ৭৫ হাজার ৯৮০ মেট্রিক টন। কাটা হয়েছে গড়ে ৩৫ শতাংশ জমির ধান। হাওরের ভেতরে কাটা হয়েছে ৬৫ শতাংশ।কৃষকেরা জানান, গত বছর অকালবন্যায় হাওরে ব্যাপক ফসলহানি ঘটায় তাঁরা তেমনভাবে ধান গোলায় তুলতে পারেননি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার চেষ্টা করেছেন বেশি জমি আবাদ করতে। সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরপারের কৃষক মছব্বির আলী বলেন, ‘ই-বার খুব ভালো ধান অইছে। বৈশাখ মাসটা সময় পাইলেই অইব। সব ধান গোলায় তুলতে পারমু।’ এই হাওরপারের আব্দুল্লাপুর গ্রামের আরেক কৃষক দিলশাদ মিয়া বলেন, ‘দিনে-রাইতে হাওরে আছি। ধান কাটা শেষ না হওয়ার আগে বাড়িত যাইতাম না।’নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘এবার ধানের ফলন বেশি হয়েছে। একরপ্রতি চার থেকে পাঁচ মেট্রিক টন ধান হচ্ছে। এতে কৃষকেরা খুশি।’ সুনামগঞ্জের উপপরিচালক আবদুল মান্নান বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা উৎসবের আমেজে হাওরে ধান কাটছেন।’ মৌলভীবাজার জেলার উপপরিচালক আবদুল জলিল মিয়া বলেন, ‘এবার কৃষকেরা সরকারিভাবে নানা সহযোগিতা পেয়েছেন। স্বল্পমূল্যে সার দেওয়া হয়েছে। তাই চাষাবাদে তাঁদের উৎসাহ ছিল বেশি।’