হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারের নির্ধারিত সময় শেষ হয়ে এলেও কাজ চলছে ধীরগতিতে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব হাওরে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত ৫০ শতাংশ কাজও হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, সুনামগঞ্জে এ বছর ৩৭টি হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণের কাজ করছে পাউবো। বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে ১৮ কোটি টাকা। বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে স্থানীয়ভাবে গঠিত ২৬০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে। এর বাইরে নতুন করে আর পাঁচটি হাওরে বাঁধ নির্মাণের জন্য ১৯টি গ্রুপে আরও চার কোটি ৭৫ লাখ টাকার কাজের জন্য ১২ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করে ঠিকাদার মনোনীত করা হয়েছে। কিন্তু এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। তাই এই কাজ আদৌ হবে কি না, এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর একজন কর্মকর্তা বলেন, নানা কারণে কাজ শুরু হতে বিলম্ব হয়েছে। এ জন্য তাঁরা ৫০ শতাংশ কাজও শেষ করতে পারেননি।বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসল রক্ষায় গজারিয়া বাঁধ নির্মাণের জন্য চারটি প্রকল্প বাস্তবায়ন কমিটি কাজ করছে। এই বাঁধে ৫৬ লাখ টাকায় কাজ হচ্ছে। গত বুধবার সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিক বাঁধে বালু ফেলার কাজ করছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চারজন সদস্য এসব পিআইসির সভাপতির দায়িত্বে রয়েছেন। স্থানীয় লোকজন বলছেন, এ পর্যন্ত বাঁধের কাজ অর্ধেকও হয়নি। অন্যদিকে কর্মরত শ্রমিকদের দাবি, কাজ অর্ধেকের চেয়ে বেশি হয়েছে। বাকি কাজ করতে আরও মাস খানেক সময় লাগতে পারে। খরচার হাওরের পশ্চিম পাড়ে আরও দুটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। এসব বাঁধের কাজ শুরু হয়েছে এক সপ্তাহ আগে। তাই নির্ধারিত সময়ে এই বাঁধ দুটির কাজও শেষ হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। খোঁজ নিয়ে জানা যায়, তাহিরপুর উপজেলার কোনো কোনো হাওরে এখনো বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। তাহিরপুর উপজেলার শনির হাওর উন্নয়ন কমিটির সভাপতি আবদুস সোবহান আখঞ্জি বলেন, ‘এবার কাজ শুরু হয়েছে দেরিতে। আবার কাজের গতিও ধীর। তাই সময়মতো কাজ শেষ করা যাবে বলে মনে হচ্ছে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার হোসেন বলেন, ‘আমি দুই দিন ধরে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু তাঁরা আসছেন না। যথাসময়ে অবশ্যই কাজ শেষ করতে হবে।’ তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, ‘আমি কয়েকটি বাঁধে গিয়েছি। কাজ শুরু হয়েছে মাত্র। পিআইসিগুলোকে দ্রুত শেষ করতে এবং কাজের অগ্রগতি জানাতে বলেছি।’ জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেছেন, ‘আমার উপজেলায় সার্বিক অবস্থা ভালো নয়। কাজে কোনো গতি নেই। পাউবো কর্মকর্তাদের গা ছাড়া ভাব লক্ষ করা যাচ্ছে।’ দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুস বলেন, ‘আমি গত মঙ্গলবার দুটি হাওরে বাঁধের কাজ পরিদর্শন করেছি। কাজ ৩০ শতাংশের বেশি হয়েছে বলা যাবে না।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, উপজেলার নলুয়ার হাওরে সবচেয়ে বেশি বোরো আবাদ হয়। এই হাওরের বেড়িবাঁধ নির্মাণের দায়িত্বে থাকা কয়েকটি পিআইসির কাজ সন্তোষজনক নয়। তবে কাজের প্রথম কিস্তি টাকা পাওয়ার পর আর কোনো টাকা তারা পায়নি। এর কারণে সমস্যা হচ্ছে।সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হাই বলেন, সদর উপজেলাসহ কয়েকটি উপজেলার পিআইসির তালিকা সাংসদেরা যথাসময়ে দিতে পারেননি। তাই কাজ দেরিতে শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা সময়মতো কাজ শেষ করার চেষ্টা করছি। তবে সময় কিছুটা বেশি লাগতে পারে।’