হাওরের ফসল রক্ষাবাঁধের কাজে ধীরগতি
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধের মেরামত ও নির্মাণকাজ ধীরগতিতে এগোচ্ছে। ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এর মধ্যে কাজের মাত্র ৩০ থেকে ৫০ ভাগ সম্পন্ন হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা দাবি করছেন, বরাদ্দ পেতে দেরি হওয়ায় কাজ শুরু হয়েছে নির্ধারিত সময়ের এক মাস পর, ১৫ জানুয়ারি। তাই কাজে সময় বেশি লাগছে।পাউবো সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ৩৯টি হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের কাজ করছে পাউবো। এর মধ্যে ৩০০ কিলোমিটার বাঁধ মেরামতের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর বাইরে নতুন করে বাঁধ নির্মাণের জন্য ৫৫টি গ্রুপে ২০ কোটি টাকার কাজ দেওয়া হয়েছে ঠিকাদারদের। বাঁধ মেরামতের কাজ চলছে স্থানীয়ভাবে গঠিত ২২৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে।বিশ্বম্ভরপুর উপজেলায় খরচার হাওরের গজারিয়া বাঁধে চারটি প্রকল্প বাস্তবায়ন কমিটি ৫৬ লাখ টাকায় বাঁধ নির্মাণের কাজ করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চার সদস্য এসব পিআইসির সভাপতির দায়িত্বে রয়েছেন। স্থানীয় লোকজন বলছেন, এ পর্যন্ত অর্ধেক কাজ হয়েছে। আর শ্রমিকেরা জানান, কাজ অর্ধেকের চেয়ে বেশি হয়েছে।খরচার হাওরের পশ্চিম পাড়ে আরও দুটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। এসব বাঁধের কাজও শুরু হয়েছে দেরিতে। তাই নির্ধারিত সময়ে এই বাঁধ দুটির কাজও শেষ হবে না বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ জানান, উপজেলার নলুয়ার হাওরে সবচেয়ে বেশি বোরো আবাদ হয়। এই হাওরের ২৬ কিলোমিটার এলাকাজুড়ে বেড়িবাঁধ দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাজ হয়েছে ৩০-৪০ ভাগ। কোনো কোনো বাঁধে এখনো কাজ শুরুই হয়নি।দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল কুদ্দুস জানান, এ উপজেলায় দু-একটি বাঁধের কাজ ৫০ ভাগ হলেও কোনো কোনো বাঁধের কাজ হয়েছে ২০-৩০ ভাগ। সব মিলিয়ে কাজের অগ্রগতি আশানুরূপ নয়। তাহিরপুর উপজেলার শনির হাওর উন্নয়ন কমিটির সভাপতি নুরুল আমিন জানান, কাজে ধীরগতি থাকলেও উপজেলা প্রশাসন, পাউবো কর্মকর্তা ও স্থানীয় লোকজনের তদারকি থাকায় এবার কাজের মান ভালো হচ্ছে।এ পর্যন্ত বাঁধের কাজ ৫০ ভাগ হয়েছে জানিয়ে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী টাকা পেলে পিআইসির সদস্যরা কাজ করবেন। মাঝখানে টাকা না আসায় কাজে কিছুটা ধীরগতি ছিল। বৃহস্পতিবার থেকে আবার বিল পেয়ে পুরোদমে কাজ শুরু করেছেন পিআইসির সদস্যরা।’সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসারুজ্জামান জানান, জেলায় এবার এক লাখ ৯২ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।