হাওরের ফসল রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিময়-দুর্নীতির প্রতিবাদে এবং ফসল রক্ষায় স্থায়ী উদ্যোগের দাবিতে সুনামগঞ্জ পৌর শহরে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এই মানববন্ধন হয়।
পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানবন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রানার এইড, হাউস ও সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা।মানববন্ধন চলাকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, আইনজীবী কল্লোল তালুকদার চপল, কলেজশিক্ষক মশিউর রহমান, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, রানার এইডের নির্বাহী পরিচালক শামস শামীম, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তারেক চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জে প্রতিবছর ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি-অনিয়মের কারণে বাঁধ সঠিকভাবে নির্মাণ করা যায় না। এতে কৃষকের ফসলহানি ঘটে। বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং হাওরের ফসল রক্ষায় স্থায়ী উদ্যোগ নিতে হবে।