হাওরের ফসল রক্ষায় দরকার পরিকল্পিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে অতীতে কখনো এবারের মতো ফসলহানি হয়নি। এতটা নিঃস্ব-অসহায় হননি হাওরাঞ্চলের মানুষ। এখানকার মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই হাওরের বোরো ধান রক্ষায় আগে থেকে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। অন্যথায় আবারও এ রকম দুর্যোগের মুখোমুখি হতে হবে। গতকাল শনিবার সুনামগঞ্জে ‘হাওরের ফসলহানি রোধে ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

দুপুরে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারের হল রুমে এই সভার আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। আয়োজক সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা এবং হাওরে ফসলহানির পর থেকে কৃষকদের পক্ষে সোচ্চার ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে।

সভায় বক্তব্য দেন আইইবির প্রতিনিধিদলের প্রধান সংগঠনের ভাইস প্রেসিডেন্ট খন্দকার মঞ্জুর মুর্শেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক আবদুল মতিন, আইইবির ল কাউন্সিলের সদস্য মাহতাব উদ্দিন, প্রকৌশলী লুৎফুর রহমান ও হাবিবুর রহমান।

আইইবির পক্ষ থেকে জানানো হয়, হাওরের বোরো ফসল রক্ষায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত নিতে হাওরপারের নানা শ্রেণি ও পেশার লোকজনের সঙ্গে তাঁরা কথা বলছেন। তাঁরা হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে কারিগরি বিষয়ে কী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, সেটি নিয়ে কাজ করছেন। এ বিষয়ে সরকারকে তাঁদের পরিকল্পনার কথা লিখিতভাবে জানাবেন।

সভায় পাউবোর সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

মিজানুর রহমান বলেন, হাওরে ফসলহানির পর পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ-অনুযোগ উঠেছে। যাঁরা অনিয়মের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো মূল্যে ভবিষ্যতে বোরো ফসল রক্ষা করতেই হবে।

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, এই এলাকায় নদ-নদী ভরাট হয়ে গেছে। খনন করতে হবে। ফসল রক্ষা বাঁধ নির্মাণে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধি ও প্রশাসনের মতামত নিয়ে সঠিক সময়ে কাজ শেষ করতে হবে। কিন্তু কখনো ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ হয় না। এসব কাজে দুর্নীতি বন্ধ করতে হবে। সেই সঙ্গে বাঁধের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।