হাওরের ফসল রক্ষায় ব্যস্ত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসল রক্ষায় হাওরপারের কৃষকেরা পালা করে রাতদিন কাজ করে চলেছেন। রাতে কাজের সুবিধার্থে আলো জ্বালাতে ব্যবহার করা হচ্ছে জেনারেটর ও হ্যাজাক বাতি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত জেলার বৃহত্ বোরো ফসলের হাওর মাটিয়ান, শনি ও মহালিয়া ঘুরে এ চিত্র দেখা যায়। বাঁধ থেকে মুঠোফোনে হাওরের জরুরি বার্তা দেওয়া হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে। ইমাম, মুয়াজ্জিনেরা মাইকে গ্রামবাসীর কাছে সেই বার্তা পৌঁছে দেন। গত বুধবার সন্ধ্যায় মাটিয়ান হাওরের বোয়ালমারা, শয়তানখালী, উমেদপুর ও আনন্দনগর বাঁধের অবস্থা খারাপ জানিয়ে হাওরপারের ৫০টি গ্রাম থেকে মাইকে মুয়াজ্জিনেরা ঘোষণা দিলে রাতেই ১০ হাজার লোক হাওরটির বিভিন্ন বাঁধ রক্ষায় কাজ শুরু করে। রাত ১২টায় বোয়ালমারা বাঁধে গিয়ে দেখা যায়, পাঁচ হাজার লোক বাঁধটিতে মাটি ফেলছে। তাদের কাজের সুবিধার্থে দুটি জেনারেটর দিয়ে ৩০টি বাতি জ্বালানো হয়েছে। সেখানে উপস্থিত তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারের লোকজন হাওর রক্ষায় ৪০ শতাংশ কাজও করেনি।’ কৃষক বোরহান উদ্দিন বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো কাজই করেনি। কৃষকদের ক্ষোভের কথা তারা জানে। তাই হাওরে আসছে না। তবে পাউবোর উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন দাবি করেন, শনি, মাটিয়ান ও মহালিয়ার হাওর রক্ষা বাঁধে যথাযথ কাজ হয়েছে।মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আবদুল জলিল তালুকদার বলেন, দুই দিন বৃষ্টি না হলেও নদীর পানি বাড়ছে। তাই বাঁধে কাজ করেও হাওর ঝুঁকিমুক্ত করা যাচ্ছে না। কৃষকদের আতঙ্কও কমছে না।তাহিরপুরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উপজেলার ২৩টি হাওরের মধ্যে এ পর্যন্ত ১৩টির বোরো ধান পানিতে তলিয়ে গেছে।ধরমপাশায় কৃষকের মৃত্যুসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বেখইজোড়া গ্রামের দরিদ্র কৃষক মো. আলীম উদ্দিন (৫০) হাওরের ফসল রক্ষা বাঁধে কাজ করতে গিয়ে গত বুধবার দুপুরে মারা গেছেন। স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকুরাটি ইউনিয়নের কামাউড়া বাঁধ মেরামতের কাজ করতে গিয়ে দুপুর ১২টার দিকে আলীম উদ্দিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা লোকজন কাঁধে করে তাঁকে বাড়িতে নিয়ে আসার পথে দিঘাজাঙ্গালের কাছে তিনি মারা যান। পাইকুরাটি ইউপির সদস্য নিখিল চন্দ্র দাস মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।