হাওরের বাঁধ রক্ষায় ছুটে গেলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে হাওরের ফসল রক্ষা বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। হাজারো হেক্টর জমির বোরো ফসল রয়েছে হুমকির মুখে। ইতিমধ্যে কয়েকটি বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে হাওরের ধান। বাঁধ রক্ষায় ছুটে গেছেন জেলা প্রশাসক। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, বাঁধের কাজের ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনের দেখা নেই।
স্থানীয় প্রশাসন, কৃষক, জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গত সোমবার ভোরে জেলার দিরাই উপজেলার বরাম হাওরের বোয়ালিয়া বাঁধের একাংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন বাঁধ রক্ষায় নামেন। খবর পেয়ে সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন ওই বাঁধে ছুটে যান। দিনভর এলাকার কয়েক শ মানুষের সঙ্গে বাঁধ রক্ষার কাজ করেন তাঁরা। সোমবার গভীর রাত পর্যন্ত কাজ করে বাঁধটি ঝুঁকিমুক্ত করা হয়। এতে রক্ষা পায় বরাম হাওরের প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমির ধান।
বরাম হাওরের বোয়ালিয়া বাঁধ রক্ষায় সোমবার দুপুর পর্যন্ত পাউবোর কোনো কর্মকর্তা কিংবা বাঁধের কাজের পিআইসির লোকজনের দেখা মেলেনি। জেলা প্রশাসক কয়েকবার যোগাযোগ করার পর দুপুরের দিকে পাউবোর এক কর্মকর্তা সেখানে যান।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে রোববার রাত থেকে প্রশাসনের উদ্যোগে ছয়টি সেচপাম্প বসিয়ে হাওর থেকে পানি নিষ্কাশনের কাজ চলছে। কিন্তু এরপর ওই হাওরে পাউবোর কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। সেচকাজের তদারকে থাকা হাওরপারের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল-বিকেল হাওরে আসছেন। কৃষকদের খোঁজখবর নিচ্ছেন। অথচ পাউবো, ঠিকাদার কিংবা পিআইসির কারও কোনো খবর নেই।
সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৪০টি হাওরের ফসল রক্ষায় পাউবো বাঁধ নির্মাণের কাজ করছে। বাঁধের কাজে এ বছর বরাদ্দ পাওয়া গেছে ৪৭ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে ঠিকাদারের মাধ্যমে কাজ হচ্ছে ৩২ কোটি এবং পিআইসির মাধ্যমে ১৫ কোটি ৪৫ লাখ টাকার। বাঁধের কাজের নির্ধারিত সময় ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এই সময়ে অনেক হাওরে বাঁধের কাজ শুরুই হয়নি।
কৃষকদের অভিযোগ, এখনো অনেক হাওরে বাঁধের কাজ পুরোপুরি শেষ হয়নি। যা হয়েছে, তা-ও খুবই নিম্নমানের। এসব নড়বড়ে বাঁধ বৃষ্টির পানির চাপ সামলাতে পারছে না। গত শনিবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের বেতাউকা, মইয়ার হাওরের নারিকেলতলা, তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের পৈণ্ডুপ এলাকায়, সোমবার ভোরে দিরাই উপজেলার বরাম হাওরের বোয়ালিয়া এলাকার বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকে। পরে এসব বাঁধ স্থানীয় লোকজন সংস্কার করেন। রোববার গভীর রাতে জামালগঞ্জ উপজেলার হালির হাওরের একটি বাঁধ ভাঙার উপক্রম হলে গ্রামবাসী সেটি রক্ষা করে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘ইউএনওরা ফসল রক্ষায় দিন-রাত কাজ করছেন। আমি নিজেও হাওরে হাওরে যাচ্ছি। সোমবার দিনভর একটি বাঁধে ছিলাম, কৃষকদের সঙ্গে মাটির বস্তা টেনেছি।’
পাউবোর কর্মকর্তা, ঠিকাদার, পিআইসির লোকজনকে বাঁধে না পাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, কৃষকদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সবাই ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে তাঁরা যেকোনো কিছু করে ফেলতে পারেন।
তবে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, ‘আমি প্রতিদিন বিভিন্ন বাঁধে যাচ্ছি। এখনো জগন্নাথপুর উপজেলায় একটি হাওরের ফসলরক্ষা বাঁধে যাওয়ার পথে আছি। সবখানেই আমাদের লোকজন আছে।’