হাওরের বাঁধভাঙা পানিতে মিশছে কৃষকের কান্না
ধানখেতে থরে থরে ছড়িয়ে থাকা ধানের শিষগুলো ছিল যেন একেকজন কৃষকের একমুঠো আশা। আর কদিন পরই পাকতে শুরু করবে ধান, সোনালি ফসলে ভরে উঠবে কৃষকের গোলা, সার্থক হবে টানা কয়েক মাসের হাড়ভাঙা খাটুনি। কিন্তু কিশোরগঞ্জের হাওরের কৃষকদের সেই বুকভরা আশা ধুয়েমুছে গেছে হাওরের বাঁধভাঙা পানিতে। বোরো ফসল রক্ষায় পানির সঙ্গে পাল্লা দিয়ে কিছুতেই তাঁরা পেরে উঠছেন না। একের পর এক বাঁধ ভেঙে ডুবছে ফসল। গতকাল বৃহস্পতিবার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাংগ্রাই ও খাগশ্রী ফসল রক্ষা বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে ৬০০ একর আধাপাকা বোরো ধান। গত ২৪ ঘণ্টায় হাওরের নদ-নদীতে এক ফুট পানি বেড়ে প্রয়াগ বেড়িবাঁধ পানিতে তলিয়ে গেছে। প্রবল স্রোতে উঁচু জমির আরও ১০০ একর ফসল তলিয়ে গেছে। ওই এলাকায় আতঙ্কিত অনেক কৃষককে কাঁচা ধান কাটতে দেখা গেছে। একই সময় ইটনা উপজেলার চিনাই নদীসংলগ্ন বাদলা ইউনিয়নের বর্শীকুড়া বাঁধ ভেঙে তিন হাজার একর জমির বোরো ধান তলিয়ে গেছে। গতকাল পর্যন্ত ইটনা, মিঠামইন, নিকলী ও করিমগঞ্জ উপজেলার ৫০টি হাওরের মধ্যে ৩০টির ফসল তলিয়ে গেছে। করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জনাব আলী পরিষদের সদস্যদের নিয়ে গতকাল উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিদর্শন শেষে প্রথম আলোকে জানান, গতকাল উপজেলার সাংগ্রাই ও খাগশ্রী বাঁধ ভেঙে প্রায় ৬০০ একর জমির আধাপাকা ধান তলিয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, করিমগঞ্জ উপজেলার রাঙামাটিয়া, পাঙাইরধাইর, কুত্তামারা, প্রয়াগ, রাইজানি, বেড়াচাপড়া ও জামাইমারা বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকার জমি তলিয়ে গেছে। এ ছাড়া বাদাম ও মিষ্টিআলুর জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার কৃষকদের আধাপাকা ধান কাটতে দেখা গেছে। বুধবার রাতে ইটনা উপজেলার সুরমা নদীসংলগ্ন ছিনাইয়ের বাঁধ ও বুরুদিয়া বাঁধ ভেঙে ৫০০ একর জমি তলিয়ে গেছে। করিমগঞ্জ উপজেলার বিদ্যানগর গ্রামের সচ্ছল কৃষক সিরাজ মিয়া (৫০) জানান, প্রয়াগ হাওরে তাঁর ১৫ একর জমি ছিল। এ বছর তাঁর এক হাজার মণ ধান পাওয়ার কথা। সব ধান তলিয়ে গেছে। ব্যাংকের ঋণ ১৫ হাজার টাকাসহ আবাদে তিনি লগ্নি করেছেন এক লাখ টাকা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘গায়ের চামড়া বিক্রি করেও এবার ঋণ শোধ করতে পারব না।’নয়াচামড়া গ্রামের মো. আউয়াল (৩৫) জানান, খাগশ্রী হাওরে তাঁর পাঁচ একর জমি ছিল। সব তলিয়ে যাওয়ায় এখন বাড়ি-ভিটা বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। রৌহা গ্রামের মনফর আলী (৪২) বলেন, ‘আমার আট একর জমির পুরোটাই এখন পানির নিচে। ৭০০ মণ ধান আশা করেছিলাম। ফলন দেখে বুক ভরে গিয়েছিল। এখন বুক চাপড়ে মরছি।’ছাগলি গ্রামের বর্গাচাষি হোসেন মিয়া (৩২) জানান, স্বজনদের কাছ থেকে ১২ হাজার টাকা ধার করে এক একর জমি বর্গা নিয়ে আবাদ করেছিলেন। ওই জমি এখন পানির নিচে। এখন ঋণের টাকা শোধ করবেন কী করে, এ চিন্তায় ঘুম হারাম। জীবিকার জন্য তিনি বড় শহরে কাজ করতে যাবেন ভাবছেন। মুড়িকান্দি গ্রামের বর্গাচাষি আহম্মদেরও (৩০) একই দশা। তিনি বলেন, গ্রাম থেকে রাতের আঁধারে পালিয়ে যেতে হবে। সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাঁধটি ভেঙে যাওয়ায় ১০ লাখ টাকার মাছ ভেসে গেছে। মৎস্যজীবীদের সারা বছর না খেয়ে থাকতে হবে।