হাওরের বুকে ‘শিক্ষাতরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে হাওরের বিস্তীর্ণ জলরাশি। জলের ওপর দ্বীপের মতো ভাসছে ছোট্ট একটি গ্রাম। গ্রামবাসীর সবাই মৎস্যজীবী। এ গ্রামে কোনো বিদ্যালয় নেই। তাই দরিদ্র পরিবারের কোমলমতি ছেলেমেয়েরা এত দিন ছিল শিক্ষাবঞ্চিত। গতকাল সোমবার থেকে ব্যতিক্রমী এক বিদ্যালয়ে যেতে শুরু করেছে তারা। এই বিদ্যালয়ের নাম ‘শিক্ষাতরী’। হাওরের বুকে ভাসমান এই ‘শিক্ষাতরী’ থেকেই শিক্ষার আলোয় এখন থেকে নিজেদের আলোকিত করবে এই শিশুরা।সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের মাঝখানে অবস্থিত ধরেরপাড় গ্রামে গতকাল সোমবার এই শিক্ষাতরীর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে সঙ্গে নিয়ে এটির উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। ব্র্যাক সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় ১০০টি ‘শিক্ষাতরী’ চালুর উদ্যোগ নিয়েছে। গতকাল চালু হয়েছে ১০টি। এ সময় ব্র্যাকের শিক্ষা প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।ব্র্যাক কর্মকর্তারা জানান, এই উদ্যোগ শুধু সুনামগঞ্জের হাওর এলাকার জন্য। যেসব গ্রামে বিদ্যালয় নেই, শিশুরা শিক্ষাবঞ্চিত, নৌকার অভাবে যারা বিদ্যালয়ে যেতে পারে না, তাদের শিক্ষার আওতায় নিয়ে আসতেই এই শিক্ষাতরীর আয়োজন। একটি গ্রামের তিন-চারটি ‘হাঁটি’ নিয়ে একটি স্কুল হবে। নৌকাটি এসব হাঁটি থেকে শিক্ষার্থীদের নিয়ে আসবে। নৌকাতেই লেখাপড়া হবে। পরে আবার তাদের নিজ নিজ হাঁটিতে পৌঁছে দেওয়া হবে।কর্মসূচির উদ্বোধনের পরই শিক্ষাতরীতে শুরু হয় পাঠদান। ধরেরপাড় গ্রামের শ্রীমতি বিশ্বাসের বয়স ১৩। কিন্তু গ্রামে কোনো স্কুল না থাকায় এত দিন সে লেখাপড়া থেকে বঞ্চিত ছিল। এখন বাড়ির কাছে স্কুল পেয়ে সে খুশি। মৎস্যজীবী নীলকান্ত দাস বলেন, ‘আমরা গরিব মানুষ। সারা দিন হাওরে মাছ ধরি। ছেলেরাও সঙ্গে যায়। এখন ঘরের লগে ইশকুল দিছে। তাই দুই ছেলেরে ভর্তি করছি।’ধরেরপাড় শিক্ষাতরীর শিক্ষিকা তপতী শর্মা জানান, তাঁর শিক্ষাতরীতে ৩০ জন শিক্ষার্থী আছে। এর মধ্যে ২০ জন মেয়ে ও ১০ জন ছেলে। সবাইকে নতুন বই-স্লেট, পেনসিলসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী দেওয়া হয়েছে।মাহবুব হোসেন জানালেন, ব্র্যাক আসলে সরকারের সহায়ক হিসেবে কাজ করছে। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটা অনানুষ্ঠানিক শিক্ষা। একাধিক নৌকা থাকবে। দুই বেলা পাঠদান হবে। এই শিশুরা পাঠশালায় পাঠ শেষে মাধ্যমিকে ভর্তি হচ্ছে কি না, তা-ও খেয়াল রাখা হবে। তিনি প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষায় অনেক পিছিয়ে। হাওর এলাকার দরিদ্র মানুষ তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চায় না বা এই সুযোগ তাদের নেই। এখন থেকে হাওরের ১০০টি শিক্ষাতরী থেকে ৩০ হাজার ছেলেমেয়ে প্রাথমিক শিক্ষা নেবে। এখানে পাঠদান হবে আনন্দময়।জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, এটা হাওর এলাকার জন্য একটি নতুন উদ্যোগ। দুর্গম হাওর এলাকায় অনেকেই আসতে চায় না। কাজ করতে চায় না। এখানে ছেলেরা যদিও কিছু স্কুলে যায়, মেয়েরা সে সুযোগ পায় না। এই উদ্যোগ দেশের শিক্ষাক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিরাট ভূমিকা রাখবে।সুনামগঞ্জে ব্র্যাকের শিক্ষাতরী প্রকল্পের ব্যবস্থাপক মুকুল চন্দ্র ঘোষ জানান, গতকাল সুনামগঞ্জের হাওর-অধ্যুষিত বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, শাল্লা, তাহিরপুর ও দিরাই উপজেলায় ১০টি শিক্ষাতরী চালু হয়েছে। প্রতিটি তরীতে একজন শিক্ষক এবং ৩০ জন করে শিক্ষার্থী থাকবে। শিক্ষাতরীর জন্য ৪২ ফুট লম্বা, ১১ ফুট প্রস্থ ও ছয় ফুট উচ্চতাবিশিষ্ট স্টিলের একটি নৌকা তৈরিতে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।