হাওরের মাছ ও ফসল বাঁচাতে ইজারা-পদ্ধতি বাদ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর অঞ্চলের মানুষ এখন দুই দলে বিভক্ত। যাঁরা হাওরে বিল ইজারা নিয়েছেন, তাঁরা একদলে। তাঁরা চাইছেন, হাওরে পানি থাকুক। অন্য দলে আছেন কৃষিজীবীরা। তাঁরা চাইছেন, হাওরে বাড়তি পানি থাকবে না। কাজেই হাওরের মাছ ও ফসল বাঁচাতে হলে বিল ইজারা দেওয়ার এই পদ্ধতি বাদ দিতে হবে।কাওয়াদিঘি, হাকালুকিসহ সব হাওরের ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও কৃষকদের রক্ষাসহ সাত দফা দাবিতে গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারে অনুষ্ঠিত হাওর কনভেনশনে বক্তারা এসব কথা বলেন। কনভেনশনে উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে: জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, হাওরপাড়ের জনসাধারণের জন্য গ্রামীণ রেশনিং-ব্যবস্থা চালু, কৃষিভিত্তিক শিল্প নির্মাণ, মনু-কুশিয়ারা-জুড়ীসহ সব নদী-খাল খনন, তদন্ত কমিটি গঠন করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারী জলমহাল ইজারাদার ও কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে জেলা বাসদের আহ্বায়ক মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে কনভেনশনের প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণতন্ত্রী পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি গজনফর আলী চৌধুরী, কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও-হাওর বাঁচাও সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সভাপতি সিরাজউদ্দিন আহমদ বাদশা, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ এম ইয়াহিয়া মুজাহিদ প্রমুখ।প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, বিল ইজারা দিয়ে মৎস্যজীবীদের কোনো উপকার হয় না। যারা মাছ ধরে, তাদের জন্য ২৫ টাকা বা যুক্তিসংগত ফিতে লাইসেন্স দেওয়া যেতে পারে। তারা সারা বছর খাস জলাভূমিতে মাছ ধরবে। কিন্তু একটা নির্দিষ্ট স্থান থাকবে, যেখানে কেউ প্রবেশ করবে না। তিনি আরও বলেন, ‘স্লুইসগেট খুলে যারা কাওয়াদিঘি হাওরে পানি ঢুকিয়েছে, তার তদন্ত করতে হবে। কৃষকের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে। হাকালুকি হাওরের একটি বাঁধে সমস্যা হচ্ছে শুনেছি। যদি বাঁধ ক্ষতির কারণ হয়, তা অবিলম্বে সারতে হবে।’কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর অঞ্চলের কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও-হাওর বাঁচাও সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মানুষের কল্যাণে কাজ করে না। তাই আলাদা হাওর মন্ত্রণালয় করা হলে মানুষের উপকার হতে পারে।জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটির মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা-একাটুনা অঞ্চলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ বলেন, ‘হাওর-ঘেঁষা গ্রামে আমরা বংশানুক্রমে বসবাস করছি। অতীতে এখানে পানি এসেছে। ১০-১৫ দিন পর নেমে গেছে। গ্রামের রাস্তায় কখনো পানি ওঠেনি। অথচ কয়েক বছর ধরে স্বার্থান্বেষী মহলের কারণে এখানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।’