হাওরাঞ্চলের মাত্র ১৮ ভাগ জনগোষ্ঠীর সারা বছরের খাদ্যের নিশ্চয়তা আছে। তারা তাদের যে বর্ধিত খাদ্যশস্য বিক্রি করে, তা দিয়ে তিন ভাগ জনগোষ্ঠী চলে। বাকি ৭৯ ভাগ জনগোষ্ঠীর মধ্যে ৪২ ভাগের মাত্র তিন মাস ও ৩৭ ভাগের ছয় মাসের খাদ্যের নিশ্চয়তা রয়েছে।গতকাল সোমবার সিলেটে এক কর্মশালায় এ তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালায় হাওরের মানুষদের খাদ্যনিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করা গেলে দেশের সার্বিক আর্থসামাজিক অবস্থার কখনোই উন্নতি ঘটবে না। সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে গতকাল এ কর্মশালা শুরু হয়। ‘হাওরাঞ্চলে জীবিকায়ন ও খাদ্যনিরাপত্তা: অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজক ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) নামের একটি উন্নয়ন সংস্থা। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে হাওরাঞ্চলের কৃষক ও জেলে থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান হাওরের মানুষ নানা বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছেন জানিয়ে বলেন, এটা রোধ করতে না পারলে এসব এলাকার বাসিন্দারা উন্নয়নের ধারাবাহিকতায় আসতে পারবে না।কর্মশালায় এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শক আহমদ সালাউদ্দিন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম।কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন শেখ তানভীর হোসাইন। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহযোগী পরিচালক মোস্তফা রাজি। শর্বানী চৌধুরীর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহামঞ্চদ নূর হোসাইন মিঞা ও সাইফুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক প্রমুখ। তাঁরা বলেন, হাওরাঞ্চলের ঐতিহ্য এবং আর্থসামাজিক অবস্থা বিপন্ন হতে চলেছে। নানামুখী শিল্পায়ন ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে হাওরাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে হাওরাঞ্চল ক্রমশ ধান ও মাছশূন্য হয়ে পড়ছে। অঞ্চলভিত্তিক কর্ম ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে হাওরের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করা হলে দেশের সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে তাঁরা মত দেন।