হাওরের শিশুরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় উপজেলা আছে ১১টি। জেলা সদর হাসপাতালসহ ১০টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও একটিতেও নেই কোনো শিশুবিশেষজ্ঞ বা চিকিৎসক। এর একটিতেও নেই শিশুদের জন্য আলাদা ওয়ার্ড বা ওষুধের বরাদ্দ। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওরাঞ্চলের শিশুরা। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশুবিশেষজ্ঞ বা শিশু চিকিৎসকের কোনো পদ নেই; নেই আলাদা কোনো শিশু ওয়ার্ড। সার্জন না থাকায় জরুরি অস্ত্রোপচারও হয় না কোথাও। একটু বড় কোনো সমস্যা হলেই প্রত্যন্ত এলাকার লোকদের আসতে হয় জেলা সদরে। কিন্তু জেলা সদরের হাসপাতালেও অস্ত্রোপচার হয় না। এখানেও রয়েছে চিকিৎসকের সংকট। জেলা সদর হাসপাতালে রয়েছেন মাত্র একজন শিশুবিশেষজ্ঞ। তিনি একাই ওয়ার্ড এবং বহির্বিভাগে রোগী দেখেন। রোগীর চাপ বেশি থাকার কারণে সম্প্রতি হাসপাতালে শিশু ওয়ার্ডকে ১২ শয্যা থেকে ২৫ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু প্রতিদিন রোগী ভর্তি হয় তার চেয়েও বেশি। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগীর চাপ থাকলেও চিকিৎসক, সেবিকা এবং পর্যাপ্ত ওষুধ-সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না শিশুরা।বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি কথা হয় উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষক আবিদ আলীর সঙ্গে। তিনি জানান, তিন দিন আগে অসুস্থ ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। তিন দিনে মাত্র একবার একজন চিকিৎসক এসে তাকে দেখে গেছেন। ভর্তি হওয়ার পর তেমন কোনো ওষুধপত্রও দেওয়া হয়নি। উপজেলার মল্লিকপুর গ্রামের দিলনূর আহমদ বলেন, ‘বাচ্চাদের কোনো অসুখ হলে প্রথমে নিয়ে আসি এখানে। এখান থেকে পাঠানো হয় সুনামগঞ্জ সদরে। কিন্তু সেখানে গিয়েও চিকিৎসা পাওয়া যায় না।’বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফারুক সুলতান বলেন, ‘সরকারিভাবে প্রতিবছর আমরা যে ওষুধ পাই, তাতে আলাদাভাবে শিশুদের জন্য কোনো বরাদ্দ থাকে না। এখানে শিশুদের জন্য আলাদ কোনো ওয়ার্ড নেই, নারী ওয়ার্ডেই শিশুদের ভর্তি করা হয়।’ খোঁজ নিয়ে বিশ্বম্ভরপুরের মতো জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই একই চিত্র দেখা গেছে। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ‘প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা ও ওষুধপত্র না থাকলে চিকিৎসা হবে কীভাবে। কেউ তো এ নিয়ে ভাবে না। আমাদের কথাও কেউ শোনে না।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আবু নাসের বলেন, ‘নানা কারণে সুনামগঞ্জের চিকিৎসাসেবার সার্বিক চিত্র সন্তোষজনক নয়। তাঁর ওপর নারী ও শিশুদের সেবাপ্রাপ্তির চিত্রটি আরও করুণ। হাওর এলাকার জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত।’সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, ‘জেলায় চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। পুরো জেলায় মাত্র একজন শিশুবিশেষজ্ঞ আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা কোনো শিশু চিকিৎসকও নেই। চাহিদামতো চিকিৎসক ও নার্সের অভাবে প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না।’