হাওরের সেই চার শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরের চার শিশুর সঙ্গে জামালগঞ্জের উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। ছবি: সংগৃহীত
হাওরের চার শিশুর সঙ্গে জামালগঞ্জের উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের সেই দরিদ্র চার শিশুর দায়িত্ব নিলেন জামালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল হাসান। চার শিশুর মধ্য তিন ভাইকে স্কুলে ভর্তি করানো হবে।

মনিরুল হাসান বলছেন, শিশু চারটির নানিকে তিনি নগদ ৩০ কেজি চাল দিয়েছেন। আরও তাদের সরকারি সহায়তা দেওয়া হবে। আর তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হবে। শনিবার তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। দেওয়া হবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা।

এর আগে ইউএনও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদে শিশু চারটির উপস্থিতিতে তাদের অভিভাবক নানি জুলেখার হাতে চাল তুলে দেন।

বুধবার প্রথম আলো অনলাইনে ‘হাওরের চার শিশুর দিনরাত্রি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, ‘দরিদ্র চার শিশু। চারটি ভাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিন শিশু প্রায়ই তার বড় ভাইকে কান্নার সুরে বলে থাকে, ভাইয়া ক্ষুধা পেয়েছে? ভাত খাব। শিশু তিনটির বড় ভাইয়ের বয়স ১১ বছর। নাম তার মনির হোসেন। বাকি তিনজন হলো, তোফাজ্জল, আমির হোসেন ও নয়নমণি।

মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, শিশু চারটির দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। তাদের থাকার জন্য জমি দেওয়া হবে। তৈরি করা হবে ঘর। শনিবার মনিরের তিন ভাইকে স্কুলে ভর্তি করানো হবে। কিনে দেওয়া হবে স্কুলের পোশাক, জুতা।