হাওরের স্বাস্থ্য কমপ্লেক্সটি 'নিজেই যেন রোগী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ শয্যার হাসপাতালে চিকিৎসকের নয়টি পদের বিপরীতে আছেন মাত্র তিনজন। এর মধ্যে একজন হজের জন্য ছুটিতে রয়েছেন। ফলে এখন চিকিৎসাসেবা দেন মাত্র দুজন। নিজস্ব ব্যবস্থাপনায় কয়েকজন কর্মী এনে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য কাজ চালানো হয়।

এই অবস্থা সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। লোকবলসংকটের পাশাপাশি রয়েছে যন্ত্রপাতি, ওষুধের সংকটসহ নানাবিধ সমস্যা। সব মিলিয়ে হাওরের এ হাসপাতাল ‘নিজেই যেন রোগাক্রান্ত’ হয়ে পড়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, একজন করে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), চিকিৎসা কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট গাইনি, মেডিসিন, অ্যানেসথেটিস্ট, ডেন্টাল সার্জন ও চিকিৎসা সহকারী, আটজন নার্স, চারজন ওয়ার্ডবয়, চারজন ঝাড়ুদার, একজন আয়া, তিনজন এমএলএসএস, দুজন নিরাপত্তাপ্রহরী, একজন কুক মশালচি, দুজন ফার্মাসিস্ট, তিনজন অফিস সহকারী, দুজন ল্যাব টেকনিশিয়ান এবং একজন এক্স-রে টেকনিশিয়ানের পদ ২ থেকে ১২ বছর ধরে শূন্য রয়েছে। বর্তমানে কেবল জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) হিসেবে আক্তারুজ্জামান ও চিকিৎসা কর্মকর্তা হিসেবে জোবাইদা ফারহানা কর্মরত রয়েছেন। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসীন করিম পবিত্র হজ পালনের জন্য গত ২৯ আগস্ট থেকে ছুটিতে রয়েছেন। গত জানুয়ারি থেকে একজন চিকিৎসা সহকারী, দুজন ওয়ার্ডবয়, দুজন ঝাড়ুদার নিজস্ব ব্যবস্থাপনায় রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতনের একটা অংশ তাঁদের দেওয়া হয়।

হাসপাতালের জ্যেষ্ঠ নার্স শাহনাজ আক্তার বলেন, বর্তমানে মাত্র চারজন নার্স কর্মরত আছেন। তাঁদের মধ্যে একজন চার বছর ধরে প্রেষণে রয়েছেন। ফলে কখনো কখনো তাঁদের টানা ১৮ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়।

সড়কপথে রোগীদের আনা-নেওয়ার জন্য এ হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স নেই। ২০১১ সালের আগস্টে একটি নৌ অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়। তবে চালক না থাকায় সেটি এক দিনের জন্যও চলেনি। বর্তমানে অযত্নে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্সটি।

হাসপাতালের এক্স-রে যন্ত্রটি এক যুগের বেশি সময় ধরে বিকল রয়েছে। ১৯৯৭ সালে এটি বরাদ্দ পাওয়ার পর বছর তিনেক ঠিকঠাক চলেছিল। তারপর যন্ত্রটি বিকল হয়ে পড়লে কর্তৃপক্ষ মেরামতের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কার্যালয়ে চিঠি পাঠায়। আজও সাড়া মেলেনি।

এ ছাড়া হাসপাতালে ২০১২ সাল থেকে ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র থাকলেও লোকবলের অভাবে তা এক দিনের জন্যও চালু হয়নি। একই কারণে প্যাথলজি বিভাগ এক যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ফলে রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে।

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী মহব্বত আলী (৬৫) বলেন, ‘দু-একটা ওষুধ ছাড়া সবই বাইরে থাইক্যা কিইনা আনতে হয়। পরীক্ষাও করতে অয় বাইরে থাইক্যা। এইডা কুনু হাসপাতাল অইলো?’

৫০ শয্যায় উন্নীত হলো না আজও: স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করতে হাসপাতাল চত্বরে একটি তিনতলা ভবন নির্মাণ করে দিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গত বছরের নভেম্বরে এটি উদ্বোধন করা হয়। কিন্তু প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে আজও ৫০ শয্যার কার্যক্রম শুরু করা যায়নি। এ জন্য প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি পেতে কর্তৃপক্ষ গত জানুয়ারির প্রথম সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। আজও তার জবাব আসেনি।

গত ১ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, চিকিৎসা কর্মকর্তা জোবাইদা ফারহানা বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। আর জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) আক্তারুজ্জামান পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে রোগীদের দেখাশোনা করছেন। তিনি বলেন, দিন নেই রাত নেই, সব সময়ই তাঁদের দায়িত্ব পালন করতে হয়। মাঝেমধ্যে বিশ্রামেরও সুযোগ পাওয়া যায় না।

স্থানীয় পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, হাওরবেষ্টিত উপজেলা হওয়ায় এ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি কারও সুনজর নেই। তিনি সম্প্রতি উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘নানাবিধ সমস্যায় হাসপাতালটি এখন নিজেই যেন রোগাক্রান্ত। সমস্যা দ্রুত সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

সুনামগঞ্জের সিভিল সার্জন আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। এ ছাড়া যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’