বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বহুমাত্রিক করে তোলার লক্ষ্যে ত্রিপুরা এবার তার নদীসম্পদের দিকে নজর দিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে প্রবাহিত হাওড়া ও গোমতী নদী দুটির পূর্ণ সংস্কারের জন্য তারা কেন্দ্রীয় সরকারকে বিশেষ অনুরোধ জানিয়েছে। ত্রিপুরা চায়, রেল ও সড়কপথে যোগাযোগ স্থাপনের পর নদীপথ ব্যবহার করতে, যাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পায়। এই নদী দুটি ত্রিপুরা থেকে বাংলাদেশে গিয়ে মেঘনার সঙ্গে মিশেছে।
ত্রিপুরার পরিবহনসচিব সমরজিৎ ভৌমিক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আধুনিক পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগাযোগ। বাংলাদেশের সঙ্গে সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপনের পর ত্রিপুরা রাজ্য সরকার এবার নদীপথেও যোগাযোগ বাড়ানোর দিকে নজর দিয়েছে। অভিন্ন ভারতে হাওড়া ও গোমতী নদী দিয়ে একসময় বিপুল বাণিজ্য হতো। এই দুই নদী মেঘনায় গিয়ে মিশেছে। রাজ্য সরকার চায়, সেই যোগাযোগব্যবস্থাকে ফিরিয়ে আনতে, যাতে ভারতের এই প্রান্তের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিও লাভবান হয়।’
হাওড়া ও গোমতীর সংস্কার না হলে তা সম্ভব নয়। সমরজিৎ ভৌমিক বলেন, দুটি নদীরই নাব্যতা খুব কমে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ড্রেজিংয়ের মধ্য দিয়ে পলি তুলে নদী দুটির নাব্যতা বাড়ানোর জন্য ৪৭ কোটি রুপির প্রয়োজন। কেন্দ্রীয় জলসম্পদ ও জাহাজ মন্ত্রণালয় এ বিষয়ে রাজ্য সরকারকে একটা বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে বলেছে, যাতে বাণিজ্যের প্রসার ঘটতে পারে।
গোমতী ও হাওড়া নদী দুটির সংস্কার হলে বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহারের পূর্ণ সুযোগ ত্রিপুরা গ্রহণ করতে পারবে। সমরজিৎ বলেন, ত্রিপুরার সীমান্ত পর্যন্ত সংস্কার হয়ে গেলে বাংলাদেশও তাদের অংশে এই নদীর প্রবাহ বাড়াতে আগ্রহী হবে। যদিও এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে এখনো কোনো কথা হয়নি। পরিবহনসচিবের কথায়, নদীপথে বাণিজ্য-খরচ সড়ক ও রেলপথের তুলনায় কম। ত্রিপুরার এই পরিকল্পনা সার্থক হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বেড়ে যাবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে সক্রিয় সহযোগিতা করে চলেছেন। পালাটানা বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের সহযোগিতার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বারবার স্বীকার করেছেন। আগরতলা-ঢাকা-কলকাতা বাস চলাচলও সম্ভব হয়েছে এই আমলে। আগরতলা-আখাউড়া রেল যোগাযোগের সিদ্ধান্তও চূড়ান্ত। ফেনী নদীর ওপরে একটি সেতুও তৈরি হতে চলেছে। এ জন্য কেন্দ্রীয় সরকার ৯১ কোটি রুপি বরাদ্দও করেছে।