হাওয়া বদলের সঙ্গে সঙ্গে রায় বদলের সংস্কৃতি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের বিচারপতিদের কড়া সমালোচনা করেছেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। সময় বদলানোর সঙ্গে সঙ্গে বিচারপতিদের রায়ও বদলে যায় বলে তিনি মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন’ বিষয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রফিক-উল হক এ মন্তব্য করেন। তিনি বিচারকদের খামখেয়ালি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, সময় ও হাওয়া বদলের সঙ্গে রায় বদলের সংস্কৃতি বন্ধ করতে হবে।রফিক-উল-হক অভিযোগ করেন, মামলার গুরুত্ব বুঝে নয়, মামলাটি কোন কোর্টে গেল, কোন বিচারকের কাছে গেল—তার ওপর রায় নির্ভর করে। তিনি বলেন, ‘আইনজীবী হিসেবে আমার এ কথা বলতে লজ্জা হয়। কিন্তু আদালতে এ কথা প্রায়ই শোনা যায়—আওয়ামী লীগের কোর্ট, বিএনপির কোর্ট। এভাবে চলতে পারে না।’বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রশংসা করে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘তিনি অন্যদের চেয়ে অনেক ভালো। আগামী সাত মাস তিনি প্রধান বিচারপতি থাকবেন। এই সাত মাসে হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে।’রফিক-উল হকের অভিযোগ, ১/১১-এর সময় আপিল বিভাগ সবচেয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, আদালত সত্যিকার অর্থে স্বাধীন ও নিরাপদ না হলে আইনের শাসন ও মানবাধিকার—কোনোটিই প্রতিষ্ঠিত হবে না। সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক বোরহানউদ্দিন খান।অন্যান্যের মধ্যে রাজনীতিবিদ ও কলাম লেখক মাহমুদুর রহমান মান্না, ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশের চেয়ারম্যান মিজানুর রহমান শেলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এলিনা খান বক্তব্য দেন। ‘ভবিষ্যতের বাংলাদেশ’ শিরোনামে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান গতকাল শেষ হয়। গতকাল বিকেলে সমাপনী অধিবেশনে আলোচনার বিষয়বস্তু ছিল: ‘বাংলাদেশ: সার্চ ফর আইডেন্টি।’ এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি জাতীয় পরিচয় ঠিক করার মতো বিষয়ে জাতীয় মতৈক্যের ওপর গুরুত্বারোপ করেন। সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো প্রমুখ।