হাওয়া ভবনে বসে গ্রেনেড হামলার ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদ, পরিবহন মালিক মো. হানিফ ও জঙ্গি নেতা মুফতি হান্নান রাজধানীর বনানীর হাওয়া ভবনে বসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র করেছিলেন। তিনি আওয়ামী লীগ নেতা ও গণমাধ্যমের কাছ থেকে এ তথ্য পেয়েছেন বলে জানান।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন জাফর উল্যাহ। বিচারক শাহেদ নূর উদ্দিন আজ মঙ্গলবার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। গতকাল পর্যন্ত এ মামলায় ২০১ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে।
সাক্ষ্যে কাজী জাফর উল্যাহ আরও বলেন, তিনি আওয়ামী লীগ নেতা ও গণ্যমাধ্যমের মাধ্যমে আরও জানতে পেরেছেন যে বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সরকারি বাসায় বসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল।
২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলায় কাজী জাফর উল্যাহ নিজেও আহত হয়েছিলেন।
জাফর উল্যাহর সাক্ষ্য গ্রহণের সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাবন্দী ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক ও আটজন জামিনে আছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।