হাওয়া ভবনের সহযোগিতা ছাড়া ১০ ট্রাক অস্ত্র আমদানি সম্ভব হতো না: শামসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র আমদানি হয়েছিল। আর হাওয়া ভবনের সহযোগিতা ছাড়া এ অস্ত্র আমদানি করা সম্ভব হতো না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় নবনির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শামসুল হক আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে ৩২ হাজার লোকবল বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ২০ হাজার লোকবল নিয়োগ করা হয়েছে। সারা দেশের থানাগুলোর জন্য পর্যায়ক্রমে ৮৭৫টি পিকআপ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, শিল্পাঞ্চল পুলিশ, পর্যটন পুলিশ ও নৌপুলিশ বাহিনীকে আধুনিকায়ন করে সব শ্রেণী-পেশার লোকজনকে একটি নিরপেক্ষ বলয়ে আনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, নারী সাংসদ চেমন আরা তৈয়ব, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নওশের আলী। পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদসহ স্থানীয় নেতারাও এ সময় বক্তব্য দেন। নতুন থানা ভবন নির্মাণে এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে। সাংসদ সামশুল হক চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে একটি পুলিশ পিকআপ দেন। প্রতিমন্ত্রী থানাকে আরেকটি পিকআপ দেওয়ার আশ্বাস দেন।