হাওয়াই বিলের বাঁধে ক্ষতিগ্রস্ত কৃষক
জয়পুরহাটের হাওয়াই বিলের বাঁধ এখন কৃষকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা দূর করে হাওয়াই বিলে ফসল উৎপাদনের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। সঠিকভাবে বাঁধ নির্মাণ না করায় বৃষ্টি হলেই এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় কৃষকেরা জানান, সম্প্রতি তিন দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে হাওয়াই বিলের তিন-চার হাজার হেক্টর জমির আমন ধানের গাছ পানির নিচে চলে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বিলের বাকি অংশের জমির ধানও পানিতে তলিয়ে যাবে। এতে কৃষকদের ব্যাপক লোকসান হবে। পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর উভয় পাড়ে হাওয়াই বিলে ১১ হাজার ১২৫ হেক্টর জমি আছে। বর্ষা মৌসুমে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে এখানে প্রতিবছরই জলাবদ্ধতা সৃষ্টি হতো। এ কারণে এ সময় এখানে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছিল না। পরে জলাবদ্ধতা দূর করে আমন উৎপাদনের জন্য পাউবো ১৯৯৪-৯৫ অর্থবছরে এখানে ১৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করে।স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, সঠিকভাবে ও পরিকল্পনা অনুযায়ী নির্মাণ না করায় বাঁধটি কৃষকদের কাজে আসছে না। নির্মাণের পর বেশ কয়েক বছর আমন ধান চাষ করে জলাবদ্ধতার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য বাঁধের উভয় পাশে নির্মাণ করা ১৫টি স্লুইস গেট এখন অকেজো হয়ে পড়েছে। এগুলো দিয়ে আর পানি সরতে পারছে না। মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারফুল ইসলাম তালুকদার জানান, তাঁর ইউনিয়নে হাওয়াই বিলে রোপণ করা অধিকাংশ আমনের খেত পানির নিচে ডুবে আছে। দ্রুত পানি নিষ্কাশন করতে না পারায় বাঁধের দুই পাশের পানি নদীতে পড়তে দীর্ঘ সময় লেগে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাওয়াই বিলের ৪০০ হেক্টর জমির আমন ধান পানির নিচে তলিয়ে আছে। পানি নেমে না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মোহাম্মদ সেলিম জানান, আর্থিক ও জনবল সংকটের কারণে তারা স্লুইস গেটগুলো সংস্কার করতে পারেননি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য ও উৎপাদন বিশেষজ্ঞ কর্মকর্তা হজরত আলী জানান, দ্রুত পানি নেমে গেলে ধানের ক্ষতি হবে না।