হাকালুকি পারের রাস্তা বেহাল, লোকজনের অবর্ণনীয় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপারের শিমুলতলা-ইউসুফনগর কমিউনিটি ক্লিনিক কাঁচা রাস্তাটির বেহাল অবস্থা। এটি দিয়ে চলতে গিয়ে এলাকার লোকজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিমুলতলা থেকে ইউসুফনগর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এ রাস্তা দিয়ে ইউসুফনগর গ্রামের লোকজন প্রতিদিন স্থানীয় নয়াগ্রাম বাজারসহ উপজেলা সদরে যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের রোগী চিকিৎসাসেবা নিতে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। ইউসুফনগরের লোকসংখ্যা প্রায় দেড় হাজার।

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, রাস্তাটি সংস্কারের জন্য পিআইওর কার্যালয় চলতি অর্থবছরে (২০১২-১৩) কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় ছয় মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দেয়। জানুয়ারি মাসের শেষ দিকে রাস্তায় মাটিভরাটের কাজ শুরু হয়। গতকাল শনিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন জায়গা কর্দমাক্ত হয়ে পড়েছে। কাদাপানিতে ভিজে বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী লোকজন চলাচল করছে।

ইউসুফনগর গ্রামের বাসিন্দা ও কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা আবদুল মন্নান (৬০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘কিছুদিন কাজ হইল। এর পরে বন্ধ অই গেল। কিচ্ছু বুঝলাম না।’ এ ব্যাপারে প্রকল্প কমিটির সম্পাদক ও নয়াগ্রামের বাসিন্দা আবদুল লতিফ গতকাল বিকেলে বলেন, ‘শুকনো মৌসুমে বোরো ধান কাটায় ব্যস্ত থাকায় শ্রমিক পাওয়া যায়নি। তাই কাজ করানো যায়নি। এখন কাজ শুরু করাব। তবে যে বরাদ্দ পাওয়া গেছে, তা দিয়ে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত কাজ করানো সম্ভব হবে না।’ পিআইও এরশাদুল আলম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাস্তাটির কাজ দেখে হতাশ হয়েছি। ১০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রকল্প কমিটির লোকজনকে বলেছি। নইলে বরাদ্দের তৃতীয় কিস্তির ডিও (খাদ্যশস্য ছাড়ের আদেশ) দেওয়া হবে না। আর পরবর্তী সময়ে কোনো বরাদ্দ পাওয়া গেলে রাস্তার অবশিষ্ট অংশে মাটিভরাটের কাজ হবে।’