হাকালুকি রক্ষায় পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। মাছ, জলজ প্রাণী ও জলজ উদ্ভিদ রক্ষা করতে হাকালুকি হাওরের প্রতিটি বিলকে ইজারামুক্ত করে অভয়াশ্রম হিসেবে ঘোষণা এবং তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তা না হলে বিপন্ন হাওরের সঙ্গে হাওরপারের মানুষের জীবনও বিপন্ন হয়ে পড়বে। এ জন্য হাওরের সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগ, স্থানীয় সরকার ও জনসাধারণের প্রতিনিধিদের সমন্বয়ে উদ্যোগ নিতে হবে। সব মানুষের মধ্যে হাওরের পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হাকালুকি হাওর ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় বিভিন্ন বক্তার আলোচনা থেকে এসব কথা উঠে এসেছে। বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ও ইউএনডিপির অর্থায়নে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প (সিবিএ-ইসিএ প্রকল্প)’ এ কর্মশালার আয়োজন করে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সিবিএ-ইসিএ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বয় জোরদার এবং প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে মতামত গ্রহণের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন দলের (ইউনিট) সমন্বয়কারী অতিরিক্ত সচিব মো. দিদারুল আহ্সান। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির বাংলাদেশের সহকারী পরিচালক মো. তারিক-উল-ইসলাম ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) সুলতান আহমেদ ইসিএ ব্যবস্থাপনা বিষয়ে এবং সিবিএ-ইসিএ প্রকল্পের সহযোগী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) নির্বাহী পরিচালক এম মোখলেসুর রহমান হাকালুকি হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার হাওর রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ প্রমুখ। কর্মশালার মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী বক্তারা বলেন, হাকালুকি হাওর ভরাট হচ্ছে। অনেক বিলের অস্তিত্ব নেই। হাওরের পানির মাছে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নেই। হাওরের ফেঞ্চুগঞ্জের কাছে বুড়িকিয়ারি বাঁধ হাওরে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে হাওরাঞ্চলে ধান উৎপাদন ব্যাহত হচ্ছে।