হাকালুকি হাওরপারে পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বিনষ্ট না করে শীতকালে পাখি এবং বর্ষাকালে হাকালুকি হাওরের বিস্তৃত জলরাশির সৌন্দর্য উপভোগের জন্য একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে হাকালুকি হাওরপারের তালিমপুর ইউনিয়ন এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ও বড়লেখা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছর শীতকালে মৌলভীবাজার ও সিলেট জেলা নিয়ে বিস্তৃত হাকালুকি হাওরে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। এ সময়টায় পাখির কলকাকলিতে মুখর থাকে হাওর। আবার বর্ষায় হাকালুকি হাওরের জলরাশি চারদিকে বিস্তৃত হয়ে জলসমুদ্রে রূপ নেয়। এ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখতে দেশ ও বিদেশের হাজার হাজার পর্যটক হাকালুকি হাওর এলাকায় আসেন। কিন্তু হাওরে ঘুরে বেড়ানোর কোনো দিকনির্দেশনা ও সুযোগ না থাকায় অনেকের পক্ষেই এ সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা সম্ভব হয়ে ওঠে না। অনেকে নিজেদের উদ্যোগে হাওরে ঘুরে বেড়ান। তাতে পরিবেশের স্বাভাবিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। পরিবেশ বিনষ্ট না করে যাতে পর্যটকেরা বর্ষা ও শীত মৌসুমে হাকালুকি হাওরে আসা পরিযায়ী পাখি ও অন্যান্য সৌন্দর্য উপভোগ করতে পারেন, এ জন্য একটি পর্যটনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হোদাইবিলের পাড়ে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবনিমিয় সভা হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের (বড়লেখা-জুড়ী) সাংসদ মো. শাহাবুদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সুনাম উদ্দিন প্রমুখ। ইতিমধ্যে পর্যটনকেন্দ্র গড়ার জন্য সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও যুক্তরাজ্য-প্রবাসী ছাতির মিয়া ১৮ শতক জমি দিয়েছেন। এ জন্য মতবিনিময় সভায় তাঁকে সমঞ্চাননা দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের সুবিধার্থে হোদাইবিল এলাকায় যাওয়া-আসা সহজ করতে রাস্তার কাজ চলছে। এ ছাড়া হোদাইবিল এলাকায় একটি ‘ওয়াচ টাওয়ার’ নির্মাণ এবং নৌকা ছাড়ার জন্য ঘাট নির্মাণ করা হবে। এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শনিবার প্রথম আলোকে বলেন, ‘পর্যটনকেন্দ্র গড়ার জন্য আমরা কিছু কিছু কাজ করছি। এরই মধ্যে রাস্তার জন্য কিছু বরাদ্দ পেয়েছি। পর্যটনকেন্দ্র তৈরির জন্য স্থানীয় লোকজনের সহযোগিতা চাইছি। একজন জমি দিয়েছেন। আরও অনেকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’