হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে গুলিতে নিহত ১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের ভাসান পানিতে গত শুক্রবার দিবাগত রাতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে সুজিত বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহত সুজিতের বাড়ি উপজেলার আহমদপুর গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুই-তিন ধরে বৃষ্টি হওয়ায় হাকালুকি হাওরের বিভিন্ন বিল প্লাবিত হয়ে পড়ে। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কয়েকজন মৎস্যজীবী তালিমপুরের পলোভাঙ্গা বিলের কাছে ভাসান পানিতে মাছ শিকার করতে যান। এ সময় পাশের হাওরখাল বিল থেকে মৎস্যজীবিদের লক্ষ্য করে কিছু লোক এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে সুজিত, মুর্শিবাদকুরা গ্রামের ময়না মিয়া, খুটাউরার আবদুল মনাফ, জইন উদ্দিন, হাসিম মিয়া, তাজ উদ্দিন, কুনু মিয়া, ওয়াতির আলী, ছালিক আহমদ, আসমান উদ্দিন, কাছিম আলী, জুবের আহমদ আহত হন।বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিদের কয়েকজন অভিযোগ করেছেন, হাওরখাল বিলের ইজারাদারের অংশীদার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা নূরুল ইসলামের নেতৃত্বে কিছু লোক গুলি বর্ষণ করেছেন। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। তিনি আরও জানান, নিহত ব্যক্তির আত্মীয়স্বজন জানিয়েছেন, মৃতদেহ সৎকারের পর তাঁরা মামলা করবেন।একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও নূরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।