হাকালুকি হাওরে মাছে মড়ক
মৌলভীবাজারের হাকালুকি হাওরের বিভিন্ন বিলে (জলমহাল) শরীরে পচন ধরে বিভিন্ন জাতের মাছ মারা যাচ্ছে। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এটি ‘ক্ষত’ রোগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। এর আয়তন প্রায় ২৮ হাজার হেক্টর। এটি দেশের বৃহত্তম হাওর। হাওরের বিভিন্ন বিলে এখন মাছ ধরা চলছে। এখানে প্রতিদিন জাল টেনে বিভিন্ন জাতের মরা ও আধা মরা মাছ পাওয়া যাচ্ছে। এর মধ্যে বোয়াল, শোল, আইড়, ঘাঘট, কালবাউশ, বাইন ও পুঁটি বেশি। গত মঙ্গলবার দুপুরের দিকে হাওরের জুড়ী উপজেলা অংশের চাতলা ও কুলাউড়া অংশের চকিয়া বিলে গিয়ে দেখা গেছে, কিছু মরা মাছ পানিতে ভাসছে। প্রতিবার জাল তুলে ১০-১৫টি রোগাক্রান্ত মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছের শরীরের বিভিন্ন স্থানে লালচে ক্ষত দেখা গেছে। চাতলা বিলের ইজারাদার জুড়ী ভ্যালি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক জমির আলী প্রথম আলোকে জানান, ডিসেম্বর (২০১২) মাসের শেষ দিক থেকে রোগাক্রান্ত মাছ দেখা যাচ্ছে। মরা মাছগুলো তাঁরা মাটিতে পুঁতে ফেলেন। বিষয়টি তাঁরা মৎস্য কর্মকর্তাদের জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আশপাশের গৌড়কুড়ি, পিংলা ও নাগুয়া বিলেও এ সমস্যা দেখা দিয়েছে। হাওরে মাছে মড়কের সত্যতা নিশ্চিত করে জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী গতকাল বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘এটি “ক্ষত” রোগ। ইংরেজিতে একে “আলাসারেটিক ডিজিজ” বলে। এই রোগে মাছের শরীরে লালচে ক্ষতের সৃষ্টি হয়। পরে পচন ধরে মারা যায়। মূলত এবার তীব্র শীতে তাপমাত্রা কমে যাওয়ায় রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ ছাড়া কিছু ইজারাদার সমিতির লোকজন মাছ ধরার জন্য বিলের পানি সেচে কমিয়ে ফেলেছে। ফলে লতাপাতা পচে বিলের তলানিতে জৈবিক পদার্থ বেড়ে গেছে। সেই কারণেও রোগটির প্রাদুর্ভাব দেখা দিতে পারে।’ রোগটির প্রতিকার সম্পর্কে তিনি বলেন, ‘প্রতি শতাংশ জায়গায় এক কেজি করে চুন ও আধা কেজি করে লবণ দিলে এ রোগ ঠেকানো সম্ভব। তবে হাওরের একেকটি বিল অনেক বড়। তাই এটা ব্যয়বহুল। এর পরও সংশ্লিষ্ট বিলের ইজারাদার সমিতির লোকজনকে আমরা এ পরামর্শ দিচ্ছি।’ মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া প্রথম আলোকে বলেন, ‘হাওরের বিভিন্ন এলাকা থেকে মাছে মড়ক লাগার খবর আমরা পাচ্ছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাপমাত্রা বাড়তে থাকলে রোগটির প্রাদুর্ভাব ধীরে ধীরে কমে যাবে।’