হাকালুকি হাওরে মাছের প্রজনন হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণ প্রসূন, জুড়ী (মৌলভীবাজার):aঅবাধে পোনা ও মা মাছ নিধনের কারণে মৌলভীবাজারে অবস্থিত দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে। মৎস্য বিভাগ সূত্র জানায়, ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মাছের প্রজনন মৌসুমে নয় ইঞ্চির (২৩ সেন্টিমিটার) কম আকারের মাছ ধরা নিষিদ্ধ। এ সময় বোয়াল, পাবদা, ঘাঘট, আইড়, শোল, গজার, পাবদা, মলাসহ বিভিন্ন জাতের মাছ হাওরের ভাসান পানিতে ডিম ছাড়ে। সূত্র জানায়, প্রতিবছর বর্ষার শুরুতে হাওরের ভাসান পানিতে পোনা ও মা মাছ নিধনের তৎপরতা বেড়ে যায়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট, কাপড়ি ও বেড়জাল টেনে অবাধে এসব মাছ ধরা হয়।পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনডিপির অর্থায়নে সিডব্লিউবিএমপিসহ সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ) ও সিএফএসডি (সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট) নামের আরও দুটি বেসরকারি সংস্থা ২০০৫ সালে হাকালুকি হাওরের জীববৈচিত্র্যের উন্নয়নে কাজ শুরু করে।সূত্র জানায়, ওই প্রকল্পের অধীনে পাঁচ উপজেলার হাওরপারের বিভিন্ন এলাকায় সরকারি নিবন্ধনভুক্ত ২৮টি গ্রাম সংরক্ষণ দল (ভিসিজি) রয়েছে। এর প্রতিটিতে সদস্যের সংখ্যা ২৫ থেকে ৪৫ জন। হাওরে পোনা মাছ ও পাখি শিকার বন্ধে ২০০৮ সালের শুরুতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এমসিজি (মাইক্রো ক্যাপিটাল গ্রান্ট) নামের একটি প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় ভিসিজির সদস্যদের গবাদিপশু হাঁস-মুরগি ও ছাগল পালনে ঋণ দেওয়া হয়।জুড়ীর বেলাগাঁও ভিসিজির সম্পাদক সাইফুর রহমান জানান, তাঁদের দলের চার-পাঁচজন সদস্যের পোনা ও মা মাছ নিধনের কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অতিরিক্ত মুনাফার লোভে তাঁরা ঋণের টাকা দিয়ে নিষিদ্ধ জাল কিনে এ কাজ করেন।নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের কাইরচক গ্রামের এক দরিদ্র জেলে (৪০) জানান, এলাকার কিছু প্রভাবশালী লোক তাঁদের ১০ জনের দল গঠন করে একটি করে নিষিদ্ধ জাল কিনে দেন। এসব জাল দিয়ে তাঁরা হাওরে মাছ ধরে বিক্রি করেন। মাছ বিক্রির টাকা মালিক ও তাঁরা ভাগ করে নেন।সিডব্লিউবিএমপির কুলাউড়া কার্যালয়ের জন উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক জানান, ভিসিজির মধ্যে এ ধরনের লোক থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।কুলাউড়ার মৎস্য কর্মকর্তা ফনীন্দ্র চন্দ্র সরকার বলেন, ‘অবাধে মাছ নিধনের কারণে হাকালুকিতে মাছের প্রজনন হুমকিতে পড়েছে। হাওরের ৩৫-৩৭ জাতের মাছ ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। তবে প্রায়ই অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল আটক করা হচ্ছে।’জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া গত সোমবার বলেন, ‘পোনা ও মা মাছ নিধনের বিষয়টি উদ্বেগের সৃষ্টি করেছে। হাওরপারের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় প্রশাসনসহ মৎস্যজীবীদের নিয়ে আমরা সচেতনতামূলক বৈঠক করছি।’