হাকালুকি হাওরের ইটভাটা দুটি বন্ধ
সিলেটের প্রতিবেশ সংকটাপন্ন হাকালুকি হাওরে যুবলীগের নেতা ও তাঁর বন্ধুর অনুমোদনহীন ইটভাটা দুটি বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (কারিগরি) আবুল বাশার মুহাম্মদ তাজুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা প্রণবকান্তি ধরের নেতৃত্বে গঠিত দলটি ভাটা দুটি পরিদর্শন করে তা বন্ধের নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অভিযানের সত্যতা নিশ্চিত করেন।সিলেট ও মৌলভীবাজার জেলায় বিস্তীর্ণ হাকালুকি হাওর এলাকার ঘিলাছড়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল মছব্বির ও তাঁর ব্যবসায়ী বন্ধু হুমায়ুন কবীর দুটি ইটভাটা নির্মাণ করে ইট পোড়ানো শুরু করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘হাকালুকি হাওরে ইটভাটা!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।