হাকালুকিতে ধান চাষ, বিপন্ন পাখি ও মাছের আবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে হাকালুকি হাওরের চাতলা জলমহালের বেশ কিছু জমি অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীদের কাছে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব জমিতে শুষ্ক মৌসুমে বোরো ধান ও রবিশস্যের আবাদ হয়। আবাদের সময় জমিতে যথেচ্ছ কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। এতে জলমহালে মাছ ও পাখির আবাসস্থল বিপন্ন হচ্ছে। পরিবেশ অধিদপ্তর ও মৎস্য বিভাগের কর্মকর্তারা এসব কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার হাকালুকি হাওরের চাতলা মৌজায় চাতলা জলমহালের আয়তন ৫১৮ একর। ১০ থেকে ১৫ বছর আগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কুলাউড়া ভূমি কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে জলমহালের অন্তর্ভুক্ত বেশ কিছু জায়গার শ্রেণী পরিবর্তন করে সরকারি খাস দেখিয়ে বন্দোবস্ত নেন। শুষ্ক মৌসুমে তাঁরা এসব জায়গায় বোরো ধান ও রবিশস্যের আবাদ করেন।পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার ১৯৯৯ সালে দেশের বৃহত্তম হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে।সরেজমিনে দেখা গেছে, চাতলা জলমহালের ভেতরে বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের আবাদ চলছে। উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কানুনগো মো. মোবারক উল্লাহ্ জানান, চাতলা জলমহালে ৬৮ দশমিক ৬২ একর জমি কয়েক বছর আগে অবৈধভাবে স্থানীয় কিছু লোককে বন্দোবস্ত দেওয়া হয়। ওই সময় জুড়ীর ভূমি-সংক্রান্ত কার্যক্রম পাশের কুলাউড়া উপজেলার ভূমি কার্যালয়ে চলত।জুড়ীতে অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়ার মৎস্য কর্মকর্তা ফণীন্দ্র চন্দ্র সরকার বলেন, ‘হাকালুকি হাওরের বেশ কয়েকটি জলমহাল পলিতে ভরাট হয়ে গেছে। জলমহালের ভেতরের জমিতে ধানসহ অন্যান্য ফসল আবাদের সময় যথেচ্ছ কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। এতে মাছসহ জলজ প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল বিপন্ন হয়ে পড়েছে।’সিডব্লিউবিএমপির কুলাউড়া কার্যালয়ের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ জানান, চাতলাসহ অন্যান্য জলাশয়ে শীত মৌসুমে ব্যাপক দেশি ও অতিথি পাখির সমাগম ঘটত। কিন্তু গত শীত মৌসুমে পাখিদের সংখ্যা কম দেখা গেছে। কারণ জলাশয়ে তাদের খাবারের অভাব ছিল।জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, ‘চাতলা জলমহালে অবৈধভাবে দেওয়া জমির বন্দোবস্ত বাতিলের চেষ্টা চলছে। জলমহালটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সেটিকে খনন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।’জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম বলেন, ‘হাকালুকি হাওরকে রক্ষার স্বার্থে নতুন করে জমি বন্দোবস্ত দেওয়া বন্ধ করাসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’