হাকালুকিতে নির্বিচারে পোনা নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের প্রজনন মৌসুমে মৌলভীবাজারের হাকালুকি হাওরে নির্বিচারে পোনা নিধন চলছে। হাওরের জুড়ী উপজেলার ভূঁয়াই বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে মৎস্য অধিদপ্তর এবং পুলিশের লোকজন অভিযান চালিয়ে বিভিন্ন জাতের প্রায় ৪০০ কেজি পোনা জব্দ করেছে। তবে এ কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বছরের বৈশাখ থেকে শ্রাবণ মাস মাছের প্রজনন মৌসুম। মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, এ সময়ে ২৩ সেন্টিমিটারের (নয় ইঞ্চি) চেয়ে ছোট শোল, গজার, টাকি, কার্ফু, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ ও ঘনিয়া মাছ ধরা নিষিদ্ধ। এ ছাড়া একই সময়ে ৪ দশমিক ৫ সেন্টিমিটারের কম ব্যাস বা দৈর্ঘ্যের ফাঁকবিশিষ্ট জাল দিয়ে মাছ ধরা আইনত নিষিদ্ধ।এলাকার কয়েকজন জানান, সম্প্রতি টানা কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে পানি বেড়ে যায়। এ সুযোগে কিছু লোক হাওরের ভাসান পানিতে নিষিদ্ধ বেড়, কারেন্ট ও কাপড়ি জাল দিয়ে পোনা নিধন শুরু করে। প্রতিদিন ভোর ও সন্ধ্যার দিকে উপজেলার ভূঁয়াই বাজার, কণ্ঠিনালা সেতু, ভোগতেরা সেতু, খালেরমুখ বাজার এবং নয়াগ্রাম এলাকায় এসব পোনা বেচাকেনা চলে। পরে পিকআপভ্যানে করে তা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাটবাজারে নিয়ে যাওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, হাওর থেকে নৌকায় করে আনা পোনাভর্তি ১০টি ঝুড়ি গতকাল ভূঁয়াই বাজারের কাছে নামিয়ে রাখা হয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঝুড়িগুলোতে পাবদা, ট্যারা, জাটকা, মলাসহ বিভিন্ন জাতের পোনা পাওয়া যায়। পরে তা জব্দ করা হয়। টের পেয়ে জড়িত ব্যক্তিরা সটকে পড়েন। বিকেল চারটার দিকে জব্দ করা পোনা উপজেলা পরিষদ চত্বরের কাছে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জব্দ করা পোনার ওজন কমপক্ষে ৪০০ কেজি হবে। পোনা নিধনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া কোথাও পোনা নিধন বা কেনাবেচার খবর পেলে সেখানে অভিযান চালানো হবে। পাশাপাশি এ অপতৎপরতা ঠেকাতে হাওরপারের বাসিন্দাদের এগিয়ে আসা দরকার।