হাকালুকিতে পাখি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হাকালুকি হাওরে গতকাল শুক্রবার জলচর পাখি গণনা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের নেতৃত্বে চারটি দলে বিভক্ত হয়ে এই জরিপকাজ পরিচালনা করা হয়েছে। জরিপকারী দলের সূত্রে জানা গেছে, এ বছর হাওরে পাখির সংখ্যা অনেক কম এসেছে। তবে হাকালুকি হাওরে এ বছর বিপন্ন প্রজাতির বেয়ারের ভুতিহাঁস নামে তিনটি পাখির সন্ধান মিলেছে। পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমদ গতকাল প্রথম আলোকে জানান, চারটি দলে বিভক্ত হয়ে হাকালুকি হাওরে পাখি গণনা হয়েছে। একটি দল বড়লেখা উপজেলার হাল্লা দিয়ে প্রবেশ করে জল্লা, বালিজুরি, ফুয়ালা ও মালাম, একটি দল কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার হয়ে গৌড়কুড়ি, চকিয়া, চাতলা, নাগুয়া-ধলিয়া, তোরল ও পিংলা, একটি দল কুলাউড়া উপজেলার ভাটেরা দিয়ে হাওরের হিংগাজুরি, ফুটবিল, হাওয়াবন্যা, কালাপানি, কাংলি, রনচি ও নাগুয়া লরিবাইল এবং অন্য দলটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দিয়ে প্রবেশ করে তেকোনা, হাওরখাল, নেদা বিল, গোয়ালজোর ও হারানডিঙা বিলে পাখি গণনা করেছে। চারটি দলের জরিপের প্রাথমিক খসড়া হিসাব থেকে জানা গেছে, এবার পাখির সংখ্যা অনেক কম এসেছে। খসড়া হিসাবে ৪৪ হাজারের মতো পাখি গণনা করা হয়েছে। চূড়ান্ত হিসাবের পর সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘এবার পাখি আগের চেয়ে কম এসেছে। সারা দেশেই এবার পাখি কম। টাঙ্গুয়ার হাওরেও পাখি কম পেয়েছি। এবার কী কারণে কম হয়েছে, তা জানা নেই। তবে ৩০ বছরের জরিপ দেখে বলা যায়, পাখি আসার পরিমাণ কমতির দিকে। তবে হাকালুকিতে তিনটি বেয়ারের ভুতিহাঁস পেয়েছি। যা পৃথিবীর বিপন্ন প্রজাতির পাখির একটি।’ পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর হাকালুকি হাওরে ৮৫ হাজার ৩৩৫টি পাখি গণনা করা হয়েছিল। জাত ছিল ৫৩টি। এবার হাকালুকি হাওরে পাখি গণনার চূড়ান্ত তথ্য কক্সবাজারে গণনার পর একসঙ্গে প্রকাশ করা হবে।