হাকালুকিতে ফের পাখি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষটোপ দিয়ে হাকালুকি হাওরের মৌলভীবাজারের জুড়ী উপজেলার গৌড়কুড়ি বিলে গত রোববার অন্তত ৩০টি পরিযায়ী পাখি হত্যা করা হয়।পরিবেশ অধিদপ্তরের জুড়ী উপজেলার শাহপুর-নিশ্চিন্তপুর-বাহাদুরপুর গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) পাহারাদার মিছবা উদ্দিন (২৫) গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, শিকারিদের ছড়িয়ে রাখা বিষটোপ খেয়ে রোববার ভোরে গৌড়কুড়ির কুন্দিরখাল ও পাখালুরকান্দি এলাকায় চখাচখি, সরালি ও পাতিহাঁসসহ অন্তত ৩০টি পাখির মৃত্যু হয়। এ সময় ধাওয়ার মুখে শিকারিরা পালিয়ে যায়। পরে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শে মৃত পাখিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।স্থানীয় লোকজন জানান, সেদ্ধ করা ধানের সঙ্গে এক ধরনের বিষ মিশিয়ে শিকারিরা বিষটোপ তৈরি করে। পরে ওই বিষটোপ জলাশয়ের কাছে ছিটিয়ে দেওয়া হয়। পাখিরা এসব বিষটোপ খেয়ে লুটিয়ে পড়ে। পরে শিকারিরা সেগুলো কুড়িয়ে জবাই করে শহরে চড়া দামে বিক্রি করে।৫ ডিসেম্বর হাওরের বড়লেখা উপজেলার হাওরখাল বিল এলাকায় শিকারিরা বিষটোপ দিয়ে ৮০টি ‘লেঞ্জা’ জাতের পাখি হত্যা করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তিন শিকারিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।এর আগে গত ১৪ নভেম্বর বিষটোপ দিয়ে গৌড়কুড়ি বিলে বিভিন্ন জাতের পাঁচ শতাধিক পাখি হত্যা করা হয়। এ ঘটনায় জুড়ী থানায় মামলা করা হয়।জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা গতকাল বলেন, পাখি হত্যা বন্ধে আজ বুধবার কয়েকটি গ্রাম সংরক্ষণ দলের সভাপতি-সম্পাদকদের সঙ্গে তিনি আলোচনা করবেন। প্রয়োজনে পাহারাদারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবেন। এ ছাড়া শিকারিদের নাম সংগ্রহ করে সতর্ক নোটিশ দেওয়ারও উদ্যোগ নেবেন।