হাকালুকিতে বিষটোপ দিয়ে পাখি নিধন চলছেই
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের ফোয়ালা বিলে ‘বিষটোপ’ দিয়ে পাখি নিধন চলছে। গতকাল শুক্রবারও শতাধিক পাখি শিকার করা হয়। এ সময় এক শিকারি হাতেনাতে ধরা পড়লেও পরে তিনি কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।ফোয়ালা বিলের পাহারাদার আবদুস শহীদ জানান, গতকাল ভোর পাঁচটার দিকে বিলের তামশাকুড়ি অংশে বিষটোপে মারা পড়া কিছু পাখি কুড়াচ্ছিলেন দুই ব্যক্তি। তিনি তাঁদের লাঠি নিয়ে ধাওয়া করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ইসলামপুর গ্রামের বিল্লাল হোসেন (২২) নামের এক শিকারি শহীদের হাতে ধরা পড়েন। কিন্তু সুযোগ বুঝে বেলা ১১টার দিকে তিনি পালিয়ে যান।আবদুস শহীদ জানান, বিষটোপে গতকাল কমপক্ষে ১০০ পাখি মারা যায়। পাখিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের ফোয়ালা বিলে চার-পাঁচ দিনে প্রচুর পাখির সমাগম ঘটেছে। এর মধ্যে রয়েছে সারস, চখাচখি, ভুতিহাঁস ও লেঞ্জা হাঁসসহ আরও নানা জাতের পাখি।সূত্র জানায়, শিকারিরা সিদ্ধ করা ধানের সঙ্গে এক ধরনের বিষ মিশিয়ে টোপ তৈরি করেন। রাতে এসব বিষটোপ বিলের কাছাকাছি ছিটিয়ে দেওয়া হয়। পাখি বিলে এলে ওই টোপ খেয়ে মারা যায়। পরে শিকারিরা পাখিগুলো জবাই করে মাছের ঝুড়িতে ভরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান।যোগাযোগ করা হলে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ও জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের বন কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ জানান, তাঁরা গতকাল একজন পাখিশিকারির আটক ও পরে পালিয়ে যাওয়ার কথা শুনেছেন।